সেতু না থাকায় ১৭ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কামান ডোবার ঘাটে একটি সেতু না থাকায় সতেরো গ্রামের লোক ভোগান্তির শিকার হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কামান ডোবার ঘাটে একটি সেতু না থাকায় সতেরো গ্রামের লোক ভোগান্তির শিকার হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কামানডোবা ঘাটে মাইলা নদীর ওপর সেতু না থাকায় দুই পাশের ১৭ গ্রামের লক্ষাধিক লোককে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
কামানডোবা ঘাটের পূর্বদিকে রয়েছে বারোপাইকের গড়, ভর্ণাপাড়া, শেখালিপাড়া, দক্ষিণ ভর্ণাপাড়া, নাপিতপাড়া, নওনা চড়া, সতোরঘাট, মগলিসপুর, মিরের চড়, সিকানিপাড়া, বারাইপাড়া, চাঁদপাড়া, বৈদর, নলডাঙ্গা ও তেকানিপাড়া গ্রাম। পশ্চিম দিকে রয়েছে আফসারাবাদ কলোনি ও রাণীগঞ্জ গ্রাম।
সিংড়া ইউনিয়ন পরিষদ (ইউিপ) সূত্রে জানা গেছে, ওই নদীর পশ্চিম পাশে সিংড়া ইউপি কার্যালয়, থানা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলেজসহ সড়ক ও উপজেলার সবচেয়ে বড় বাজার রানীগঞ্জ অবস্থিত। এ কারণে নদীর পূর্বপাড়ের ওই ১৫টি গ্রামের লোকদের কামানডোবা ঘাট দিয়ে সেখানে যাতায়াত করতে হয়।
সরেজমিনে গত রোববার দেখা যায়, আফসারাবাদ কলোনি ও বারোপাইকের গড় গ্রামের মাঝে কামানডোবা ঘাটটি অবস্থিত। বাঁশের তৈরি একটি ভাঙা সেতু নদীর ওপর দাঁড়িয়ে রয়েছে। নদীতে পানি না থাকায় নিচ দিয়ে যাতায়াত করছেন লোকজন। এ সময় বারোপাইকের গড়ের মো. শাহজামাল মিয়া (৫৫) বলেন, গত বর্ষায় যাতায়াতের জন্য গ্রামের লোকজন নিজ খরচে ওই বাঁশের সাঁকোটি তৈরি করেন। প্রতি বর্ষায় এভাবেই বাঁশের সাঁকো তৈরি করে তাঁদের যাতায়াত করতে হয়। একটি সাঁকো এক বর্ষার পার করার পর আর ব্যবহার করা যায় না।
তেকানিপাড়া গ্রামের ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, ‘বাঁশের সাঁকোত খালি মানুষ ছাড়া কিছুই পারাপার হবা পারে না। মালামাল নিবা শহরোত যাতে বছরের আট মাসই ১০ মাইল ঘুরে যাওয়া-আসা করবা লাগে।’
শেখালিপাড়ার কৃষক ললিত চন্দ্র সরকার (৫০) বলেন, ‘ব্রিজ না থাকায় প্রতি মণ ধান হাঠোত নিয়ে যাতে ২০ টাকা বেশি ভাড়া দিবা নাগে।’ চাঁদপাড়ার আবদুল মজিদ (৪৫) বলেন, ‘ছোটোত তে দেখোছি মাঝেমধ্যেই সরকারি লোক আসে আর মাপজোক দিয়ে চলে যায়। ইলেকশন আলে চেয়ারম্যান কয় ব্রিজ করে দেমো। ইলেকশন শেষ হলে চেয়ারম্যান কয় ওঠা এমপির কাজ।’
রানীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক লায়ন মো. রুহুল আমিন বলেন, কামানডোবা ঘাটটিতে একটি সেতু না থাকায় নদীর পূর্বপাড়ের ১৫টি গ্রামের লোকজন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। নদীর পশ্চিমপাড়ে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থাকায় নদীর পূর্বপাড়ের শিক্ষার্থীরাও শিক্ষা-দীক্ষায় অনেক পেছিয়ে থাকে।
সিংড়ার ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান গত রোববার প্রথম আলোকে বলেন, কামানডোবা ঘাটে সেতু নির্মাণের জন্য গত তিন মাস আগে তিনি ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করেছেন। অচিরেই সেখানে সেতু নির্মাণ করা হবে।
ঘোড়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম বলেন, কামানডোবা ঘাটে ৮০ ফুট একটি সেতু প্রয়োজন। তিনি এ বিষয়ে একটি প্রস্তাব অধিদপ্তরে পাঠিয়েছেন। বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। এ বিষয়ে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নিলেই ওই ঘাটে সেতু নির্মাণ করা হবে।
দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক বলেন, কামানডোবা ঘাটে সেতুর জন্য ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে তিনি কথা বলেছেন। অনুমতি পেলেই দ্রুত কামানডোবা ঘাটে সেতু নির্মাণ করা হবে।