সেতু না হওয়ায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুর অভাবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ খেয়াঘাটে রশি টেনে নৌকায় যাত্রী পারাপার করা হয়। গত বুধবার সকালে তোলা ছবি l প্রথম আলো
সেতুর অভাবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ খেয়াঘাটে রশি টেনে নৌকায় যাত্রী পারাপার করা হয়। গত বুধবার সকালে তোলা ছবি l প্রথম আলো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাট খেয়াঘাটে মাথাভাঙ্গা নদীর ওপর কোনো সেতু নেই। এতে উপজেলার চার ইউনিয়নের ২০ গ্রামের বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্সীগঞ্জ পশুহাট খেয়াঘাটে মাথাভাঙ্গা নদীর ওপর সেতু না থাকায় উপজেলার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর, খাদিমপুর, রংপুর, মাজহাদ, কমলাপুর, শিবপুর, রামচন্দ্রপুর, লক্ষ্মীপুর, যুগীরহুদা, শিয়ালমারী, বটিয়াপাড়া, আলিয়াটনগর ও গোপালনগর, বড় গাংনী ইউনিয়নের ফুলবগাদী, চিতলা ইউনিয়নের রুইতনপুর, চিতলা, হুদাপাড়া, আইন্দিপুর, কয়রাডাঙ্গা এবং জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ গ্রামের মানুষকে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও আজও ওই ঘাটে সেতু নির্মাণ করা হয়নি।
মাথাভাঙ্গা নদীর পূর্ব পারে মুন্সীগঞ্জ একাডেমি, মুন্সীগঞ্জ বালিকা বিদ্যালয়, মুন্সীগঞ্জ মকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে নদীর পশ্চিম পারের গ্রামগুলোর শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
গত বুধবার সরেজমিন দেখা যায়, খেয়াঘাটে নদীর দুই প্রান্তে দুটি বাঁশের খুঁটিতে লম্বালম্বি করে একটি রশি টাঙানো। নিখিল মাঝি (৭০) নৌকায় দাঁড়িয়ে রশি টেনে মানুষ পারাপার করছেন। নিখিল বলেন, ‘প্রায় ৫০ বচর ধইরে এভাবে নৌকায় মানুষ পারাপার কইরে আসচি। শরিলি আর পাচ্চে না। আমিও চাই এইকেনে এ্যাট্টা বিরিজ হোক।’
কেষ্টপুর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, নদীর পশ্চিম তীরের গ্রামের কয়েক হাজার মানুষ ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার জন্য ঝুঁকি নিয়ে নৌকায় ওই নদী পার হয়ে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে উত্তাল নদী পার হতে ঝুঁকি আরও বেড়ে যায়। মুন্সীগঞ্জ বাজারের ব্যবসায়ী নাসির উদ্দিন দাবি করেন, নদীর তীরবর্তী গ্রামগুলোতে বিপুল পরিমাণ সবজি উৎপন্ন হয়। সেতু হলে পণ্য আনা-নেওয়া সহজ হতো। এলাকার মানুষ উপকৃত হতো।
মুন্সীগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা বলেন, তাঁর বিদ্যালয়ে ৩৫৭ জন শিক্ষার্থী পড়াশোনা করে। যার মধ্যে প্রায় আড়াই শ শিক্ষার্থী প্রতিদিন নদী পার হয়ে বিদ্যালয়ে আসে। নদী পারাপারের সময় প্রায়ই শিশুরা নদীর পানিতে পড়ে যায়। এ ছাড়া মুন্সীগঞ্জ মকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীও একইভাবে নদী পার হয়ে আসে। এখানে একটি সেতু নির্মাণ খুবই জরুরি। বর্ষাকালে উত্তাল নদীর কারণে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠান না। ওই সময় উপস্থিতি কমে যায়।
খাদিমপুর ইউপির চেয়ারম্যান শাহজালাল বিশ্বাস বলেন, চার ইউনিয়নের অন্তত পাঁচ হাজার লোক প্রতিদিন এ পথে যাতায়াত করে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, চলতি অর্থবছরেই সেতুটি নির্মাণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষের পথে।