সেতু না হওয়ায় যাতায়াত সাত কিলোমিটার ঘুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রা নদীর দক্ষিণ-পূর্ব পারে নড়াইল জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলার দুটি পৌরসভাসহ ২৫টি ইউনিয়ন। উত্তর পারে জেলা সদর। এই পার থেকে ওই পারের দূরত্ব মাত্র ৫০ গজ। এখানে সেতু না থাকায় দুই পারের বাসিন্দাদের ছয়-সাত কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।চিত্রা নদীর পুরোনো ফেরিঘাট এলাকায় এই পার থেকে ওই পারে নৌকা দিয়ে পারাপার হওয়ার ব্যবস্থাও আছে। তবে নদীতে কচুরিপানা থাকায় নারী ও শিশুদের নৌকায় ওঠানামা করতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে এখন নদী পারাপার হওয়ার জন্য যাত্রী, বাইসাইকেল ও মোটরসাইকেলের চালকদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। এ ধরনের ভোগান্তি দূর করতে এলাকাবাসী ওই স্থানে দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে, কিন্তু আজও দাবি পূরণ হয়নি।স্থানীয় লোকজন জানান, চিত্রা নদী পার হয়ে প্রতিদিন লোহাগড়া ও কালিয়া উপজেলার কয়েক হাজার মানুষ নানা গুরুত্বপূর্ণ কাজে জেলা সদরে আসেন। অনেককেই এখানে রোগী নিয়ে সদর হাসপাতাল, মামলা-মোকদ্দমার কাজে জেলা জজ আদালতে আসতে হয়। চাষিদেরও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে এখানে আসতে হয়। উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জেলা সদরে আসতে হয়। তবে কচুরিপানা জমে থাকায় এখন নৌকা দিয়ে পারাপারও ঝুঁকিপূর্ণ। আবার বর্ষাকালে স্রোত বেশি থাকায় নৌকায় পারাপার হতে সমস্যা হয়।সড়ক ও জনপথ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘাটে একটি বেইলি সেতু নির্মাণ করার বিষয়ে সওজের প্রধান প্রকৌশলীর দপ্তরে ২০০৩ সালে একটি প্রস্তাব পাঠানো হয়। ২০০৫ সালে সেই দপ্তর থেকে বেইলি সেতুর বদলে আরসিসি সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই সেতু নির্মাণের কাজ এখনো শুরুই হয়নি।নড়াইল সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, চিত্রা নদীর সাবেক ফেরিঘাটের ওপর একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।