সেতু নির্মাণ শেষ না হওয়ায় ৩০ গ্রামের মানুষ বিপাকে
নির্ধারিত সময়ে একটি সেতুর নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় বিপাকে পড়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের ৩০টি গ্রামের মানুষ। কবে নাগাদ সেতুর নির্মাণকাজ শেষ হবে কেউ তা জানেন না।
রংপুরের তারাগঞ্জ উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা ঘাটে নির্মিত হচ্ছে এই সেতু। দুই বছর আগে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি। ফলে উপজেলার চাঁদখানা ও মাগুড়া ইউনিয়নের ৩০টি গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, সেতুর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বারবার চাপ দেওয়া হচ্ছে।
ঠিকাদার জয়নাল আবেদীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেতুর কাজ এ বছরে শেষ করা হবে।
উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্র জানায়, যমুনেশ্বরী নদীর চাঁদখানার ঘাটে ১২০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণের জন্য ২০১২ সালের এপ্রিলে প্রায় তিন কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সেতুটির কাজ পায় সৈয়দপুর উপজেলার জয়নাল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালের জানুয়ারি মাসে। কিন্তু তা না হওয়ায় এলাকাবাসী নির্মাণকারী প্রতিষ্ঠান ও বাস্তবায়নকারী বিভাগকে দুষছেন।
সরেজমিনে দেখা যায়, খেয়া ঘাটে নদীর এপার-ওপার বরাবর কয়েকটি স্তম্ভ (পিলার) দাঁড়িয়ে আছে। কিছু পাথর আর বালি ঘাটেই ফেলে রাখা হয়েছে। অসম্পূর্ণ সেতুর পাশ দিয়ে লোকজন আগের মতোই কষ্টে নৌকায় পারাপার হচ্ছে।
মাঝাপাড়া গ্রামের নাজমুল হক (৮০) বলেন, ‘বাবা পুল কোনার কাজ শেষ না করায় হামার কতো অশান্তি। ধান, পাট, সবজির ভালো দাম পাইছি না, যাওয়া-আইসা করতেও কষ্ট হয়ছে।’ মাছপাড়া গ্রামের কৃষক আবদুর রহমান (৪৫) বলেন, ‘পুল কোনার কাম ঠিকাদার শেষ না করায় হামাক ৯ মাইল বেশি ঘুরি আবাদ করা ফসল রংপুর ও তারাগঞ্জ শহরে নিগি বেচবার নাগে।’
ছয়আনি গ্রামের লাল মিয়া (৩৫) বলেন, সেতু না থাকায় এই পথে সরাসরি যানবাহন চলে না। এতে দুর্ভোগে পড়েন রোগীরা। বর্ষাকালে সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ থাকে। তাই জরুরি প্রয়োজনেও দুই পাড়ের লোকজনের নদী পারাপারের উপায় থাকে না। একই ধরনের কথা বলেন মাগুড়া গ্রামের দিনমজুর আফজাল হোসেনসহ ১৫-২০ জন।
চাঁদখানা ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, ‘ঠিকাদারকে বহুবার অনুরোধ করেছি, তিনি কথাও দিয়েছেন কিন্তু এখনো কাজ শেষ হয়নি। এ জন্য আমাকে প্রতিনিয়ত জনগণের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।’
কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম বলেন, সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় দুর্ভোগের পাশাপাশি দুই ইউনিয়নের মানুষের আর্থিক ক্ষতিও হচ্ছে।