সেতু নির্মাণকাজ বন্ধ, চাঁদা দাবির অভিযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীর ওপর নির্মাণাধীন মতলব সেতুর কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, একটি বিশেষ মহল মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। এ কারণে গত বুধবার সকাল থেকে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
এদিকে গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই সেতু পরিদর্শন করেন। এ সময় সেতুর কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে ঠিকাদারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য তিনি পুলিশ সুপারকে নির্দেশ দেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ধনাগোদা নদীর ওপর ৩০৪ দশমিক ৫০ মিটার দীর্ঘ ওই সেতুর কাজ চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়। প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৮৪ কোটি ৬০ লাখ টাকা। সেতুটি নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে কুমিল্লার রানা বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আলম।
মুঠোফোনে জানতে চাইলে মো. আলম প্রথম আলোকে বলেন, মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ তাঁর কাছে বালু বিক্রির টাকা পাবেন। বুধবার সকালে পারভেজ ওই পাওনা টাকা পরিশোধের জন্য তাঁকে তাগাদা দেন। এরপর বিকেলে সাত-আটজনের একটি দল এসে তাঁর কাছে কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁকে সেতু নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। এই প্রেক্ষাপটে তিনি সেতুর নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হন। বিষয়টি তিনি সওজের চাঁদপুর কার্যালয়ে জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী ওবায়দুল কাদের আমাকে মুঠোফোনে বলেছেন, আমি যেন আবার শিগগির কাজ শুরু করি। আমাকে সব ধরনের সহযোগিতা দিতে তিনি (মন্ত্রী) পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে গেছেন।’
জানতে চাইলে আবুল বাশার বলেন, সেতুর নির্মাণকাজের জন্য তিনি বালু সরবরাহ করে আসছেন। তিনি পাওনা টাকা পরিশোধের জন্য তাগাদা দিয়েছেন। তবে ঠিকাদারের কাছে কারা চাঁদা দাবি করেছেন ও হুমকি দিয়েছেন, তা তিনি জানেন না।
সওজের চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুব্রত ঘোষ বলেন, অনিবার্য কারণে সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে। তবে কাল (আজ) শনিবার থেকে আবার কাজ শুরু হবে।
মন্ত্রীর নির্দেশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার শামছুন্নাহার বলেন, সেতুর নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুলিশি সহযোগিতা দেওয়া হবে। সেতু নির্মাণ এলাকায় পুলিশের পাহারা থাকবে।