সেতু নির্মাণকে কেন্দ্র করে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে সেতু নির্মাণকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঘরবাড়ি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সরঞ্জাম ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিতাস থানার পুলিশ ও এলাকাবাসী জানান, ভিটিকান্দি ইউনিয়নের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকারের শেষের দিকে দাসকান্দি এলাকায় গোমতী নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেতুর স্থানও পরিবর্তিত হয়ে যায়। সেতুটি দাসকান্দির পরিবর্তে হরিপুর গ্রামের কাছে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়। কিন্তু উপজেলার দাসকান্দি, ভিটিকান্দি, পোড়াকান্দি, হাড়াইরকান্দি, কলাকান্দি, কালাচানকান্দি, ঘোষেরকান্দি, কাউরিয়ারচর, মির-বহরী, আলীনগর, খানেবাড়ি, দড়িমাছিমপুর, দক্ষিণ মানিকনগর ও উত্তর মানিকনগর গ্রামের লোকজন দাসকান্দিতে সেতু নির্মাণের দাবি জানায়।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল হরিপুরে সেতু নির্মাণের কাজ শুরু হয়। খবর পেয়ে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের ওপর হামলা চালাতে এগিয়ে আসে। এ সময় হরিপুর ও রতনপুর গ্রামের লোকজন তা প্রতিরোধে এগিয়ে আসে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) হরিপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সাত্তার বলেন, শত শত লোক হরিপুরে সেতুর নির্মাণকাজ বন্ধের জন্য হরিপুর বাজারের নূর আলম, তারা মিয়া ও জসিম উদ্দিনের চারটি দোকান ও জাহাঙ্গীর আলমের দুটি বসতঘরে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সরঞ্জাম ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। উত্তেজিত লোকজন ভাঙচুর শুরু করলে তাঁদের গ্রামের লোকজন ভয়ে পালিয়ে যায়।পোড়াকান্দি গ্রামের মাতবর সফিকুল ইসলাম বলেন, ‘উত্তেজনা কমলে আমরা বসে ক্ষতিগ্রস্ত দোকান ও ঘরের মালিকদের অবশ্যই ক্ষতিপূরণ আদায় করে দেব।’তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুল আলম বলেন, ‘আমার জানামতে, এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে ভাঙচুর হয়েছে।’