সেতু নির্মাণসহ ২৫০০ কোটি টাকার প্রকল্পে পরামর্শক নিয়োগ
জাপানের অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নড়াইলে মধুমতী নদীর ওপর কালনা সেতুসহ দেশের বিভিন্ন সড়কে ১৭টি সেতু, একটি টোল প্লাজা ও দুটি ওজন নিয়ন্ত্রণ স্টেশন নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার। এসব অবকাঠামোর নকশা প্রণয়নে গতকাল সোমবার পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।
সকালে রাজধানীর বনানীতে অবস্থিত সেতু ভবনে সরকারের পক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও জাপানের পরামর্শক প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালট্যান্টস কোম্পানির আসুশি নিশিমুরা এবং মহাব্যবস্থাপক রুহি ইশি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। ওরিয়েন্টালের সহযোগী হিসেবে দেশি-বিদেশি আরও সাতটি পরামর্শক প্রতিষ্ঠান রয়েছে। তাদের চুক্তিমূল্য ২৩৬ কোটি টাকা।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সচিব এম এ এন ছিদ্দিক, সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ।