সেতু নির্মাণে আর কত সময় লাগবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলজিইডির তত্ত্বাবধানে ২০১১ সালের অক্টোবরে ঢাকার ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতুটির ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়। গত তিন বছ​ের সেখানে মাত্র তিনটি পিলারের নির্মাণকাজ হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
এলজিইডির তত্ত্বাবধানে ২০১১ সালের অক্টোবরে ঢাকার ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতুটির ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়। গত তিন বছ​ের সেখানে মাত্র তিনটি পিলারের নির্মাণকাজ হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ধামরাইয়ের দক্ষিণাঞ্চলের মানুষকে রাজধানীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বংশী নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১১ সালের অক্টোবর মাসে। এখনো সেতুটির অর্ধেক নির্মাণকাজও শেষ হয়নি। এর মধ্যে ঠিকাদারকে কাজের অর্ধেক বিল পরিশোধ করা হয়েছে।
অন্যদিকে চুক্তি অনুযায়ী নির্মাণকাজ শেষ না হওয়ার পরও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো কাজের মেয়াদকাল বাড়ানোর সুপারিশ করা হয়েছে এলজিইডি। এতে সেতুটির ভাগ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে।
৩ সেপ্টেম্বর এলজিইডির ধামরাই উপজেলা প্রকৌশলী মুখলেসুর রহমানের কাছে সেতুর নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি এর তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মীর ফজলুল বাশারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরদিন ফজলুল বাশারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তথ্য অধিকার আইনে আবেদন করার পরামর্শ দেন। ৭ সেপ্টেম্বর ওই কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্যের জন্য আবেদন করা হয়। গত সোমবার সব তথ্য সরবরাহ করা হয়।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, ধামরাইয়ের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য সুতিপাড়া-রোয়াইল-ফোর্ডনগর-সাভার বাজার সড়কে বংশী নদীর ওপর ২৫৮ দশমিক ২৪ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৭ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৭৩১ টাকা। কিন্তু এর চেয়েও বেশি মূল্যে ২০ কোটি ৭০ লাখ ৬৭ হাজার ১৩ টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের ২৬ আগস্টের মধ্যে কাজ শেষ করার শর্তে গত বছরের ২৫ আগস্ট প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ে মাত্র ৫৫ ভাগ কাজ হয়েছে। আর এ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হয়েছে ১০ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ৮৩৪ টাকা।
সরেজমিনে দেখা গেছে, এ পর্যন্ত সেতুটির ছয়টি পিলার নির্মাণ সম্পন্ন হয়েছে। আর মাঝ নদীতে একটি পিলার নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে। ওপরের অংশের (সুপারস্ট্রাকচার) কোনো কাজই হয়নি।
ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সরকার বলেন, ধামরাইয়ের দক্ষিণাঞ্চলের পাঁচটি ইউনিয়নসহ আশপাশের এলাকার অন্তত চার লাখ মানুষের সাভারসহ রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগের সহজতম পথ সুতিপাড়া-রোয়াইল-ফোর্ডনগর-সাভার বাজার সড়ক। কিন্তু এই পথে চলাচলের ক্ষেত্রে তাঁদের দুর্ভোগের অন্যতম কারণ সাভার ও ধামরাইয়ের মাঝ দিয়ে প্রবাহিত বংশী নদী। তিনি বলেন, দেরিতে হলেও সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। কিন্তু কয়েক মাস ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে সেতুটির নির্মাণকাজ কবে নাগাদ শেষ হবে, তা নিয়ে সংশয়ে পড়েছে এলাকাবাসী।
উপসহকারী প্রকৌশলী মীর ফজলুল বাশার বলেন, নদীতে পানি বেড়ে যাওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে। পানি কমলেই কাজ শুরু হবে। প্রাক্কলিত ব্যয়ের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি মূল্যে ঠিকাদারের সঙ্গে চুক্তি করা প্রসঙ্গে তিনি বলেন, সব নিয়ম অনুযায়ী করা হয়েছে।