সেতু নির্মাণে ধীরগতি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সাঁকোয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাশের ভাঙাচোরা সাঁকো দিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। সম্প্রতি তোলা ছবি: প্রথম আলো
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সাঁকোয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাশের ভাঙাচোরা সাঁকো দিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। সম্প্রতি তোলা ছবি: প্রথম আলো

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সাঁকোয়া নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয় তিন বছর আগে। কিন্তু কম অর্থ বরাদ্দ দেওয়ার অজুহাত দেখিয়ে ঠিকাদার ওই কাজ শেষ করেননি। কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই ইউনিয়নের ২০ হাজার লোক।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালের ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রাম সফরে এসে দহগ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম (রোটারীবাজার)-নয়ারহাট আঞ্চলিক সড়কের সাঁকোয়া নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণা দেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাটগ্রাম উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহত্তর রংপুর-দিনাজপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাট এলজিইডির কার্যালয় ২০১১ সালে সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করে। সেতুটির দৈর্ঘ্য ১৫৭ ফুট ও প্রস্থ ১২ ফুট। ৯৫ লাখ ৯৫ হাজার টাকায় মেসার্স এলাহী এন্টারপ্রাইজ নামের পাটগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণের কাজ পায়। ওই বছরের নভেম্বর মাসে সেতুটির নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ২০১২ সালের নভেম্বর মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো কাজ শেষ হয়নি।
সরেজমিনে দেখা যায়, দুই পাশের উইং ওয়াল ও চারটি পিলার নির্মাণের কাজ করা হয়েছে। নির্মাণাধীন সেতুর পূর্ব পাশে একটি বাঁশের সাঁকো দিয়ে আশপাশের প্রায় সাত-আটটি গ্রামের লোকজন যাতায়াত করেন। স্থানীয় লোকজন জানান, ছয়-সাত মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।
দহগ্রাম ইউনিয়নের ব্যবসায়ী আবদুল ওহাব জানান, সাঁকোয়া নদী দহগ্রাম ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। সেতুর পূর্ব পাশে হাঁড়িপাড়া, সৈয়দপাড়া, নয়ারহাট, মহিমপাড়াসহ সাতটি গ্রাম। সেতুর কাজ শেষ না হওয়ায় পশ্চিম পাশের ব্যবসায়ীদের প্রায় ছয় কিলোমিটার দূরে গিয়ে ট্রাক বোঝাই বা খালাস করতে হয়। সেতু না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা একবার এলেও দ্বিতীয়বার তাঁদের এলাকায় আসতে চান না। তাই এই সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করা প্রয়োজন।
মহিমপাড়ার ময়নুল ইসলাম (৫৫) বলেন, এই পথ দিয়ে পাটগ্রাম উপজেলা সদরের দূরত্ব ১২ কিলোমিটার। কিন্তু সেতু না থাকায় ঘুরতে হয় বলে ১৮ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা সদরে যেতে হয়। এ কারণে এই গ্রামের কৃষিপণ্য উপজেলার রসুলগঞ্জ হাটে নিয়ে যেতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে।
সেতু নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এলাহী এন্টারপ্রাইজের মালিক কাদের এলাহী বলেন, ‘সেতুটির কার্যাদেশ পেয়ে সময়মতো কাজ শুরু করেছি তা শেষ করার জন্য। কিন্তু তিন-চার লাখ টাকা করে অর্থ বরাদ্দ পাই। এতে কাজের গতি কমে যায়। মালপত্রের দামও বেড়ে গেছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার পরও অর্ধেক কাজ হয়েছে। অর্থ বরাদ্দ এলে শিগগিরই কাজ শেষ করা হবে।’
এলজিইডির পাটগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলী হায়দার আলী বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে। তার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরুর ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। জুনের মধ্যে সেতুটির কাজ সমাপ্ত হবে বলে আশা করছি।’