সেতু নির্মাণে ‘জনতার তহবিল’!
একটি খালের ওপর সেতু নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। এ দাবি পূরণ না হওয়ায় খালের এপার-ওপারের বাসিন্দারা নিজ থেকেই অর্থ সংগ্রহ করে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। ‘জনতার তহবিল’ নাম দিয়ে সেতু নির্মাণে একটি শপথ অনুষ্ঠান করেছেন। সেতু নির্মাণ খরচ আনুমানিক ৩০ লাখ টাকা নির্ধারণ করে টাকা সংগ্রহে ছয় মাসের প্রচারণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উদ্যোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকারখালের বাউরভাগ ও খারুবিল এলাকাবাসীর।এলাকাবাসী জানান, বাউরভাগ ও খারুবিল নামের দুটো এলাকাকে বিভক্ত করে রেখেছে চিকারখাল। বাউরভাগকান্দি, বাউরভাগ মলিফৌদ, বাউরভাগ কাঁটাখাল, খারুবিল, লক্ষ্মীপুর, শেওলারটুক, ঢুলটিরপারসহ আশপাশ এলাকার মানুষের যাতায়াত চিকারখাল অতিক্রম করে করতে হয়। খালের এপার থেকে ওপারে যাতায়াতে এলাকাবাসীর উদ্যোগে একটি সাঁকো রয়েছে। এই সাঁকোর স্থলে একটি সেতু নির্মাণ করার দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় গত ১১ মে এলাকাবাসী বৈঠকে মিলিত হন। বৈঠকে নিজেদের প্রয়োজনে নিজেরাই সেতু নির্মাণে সবাই একমত হলে গঠন করা হয় ‘জনতার তহবিল।’জৈন্তাপুর উপজেলা সদর ইউনিয়নের বাউরভাগ-খারুবিল এলাকার ১০ গ্রামের মানুষ বৈঠকে মিলিত হন। বাউরভাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, সহকারী শিক্ষক বিলাল আহমদ, খারুবিল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শওকত আলী, খারুবিল মাদ্রাসাশিক্ষক আবদুল কাদির এলাকাবাসীর উদ্দেশে বক্তৃতা দেন। সভায় চিকারখালে বাঁশের সাঁকোর স্থলে একটি সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ৩০ লাখ টাকা নির্ধারণ করে তহবিল সংগ্রহের শপথও অনুষ্ঠিত হয়।শপথে ১০ গ্রামের প্রতিনিধিত্বশীল মানুষ স্বস্তঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে গঠিত হয় একটি কমিটি। এলাকার প্রবীণ ব্যক্তি লিয়াকত আলীকে সভাপতি, বাউরভাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট ওই কমিটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩০ লাখ টাকা সংগ্রহ করার মধ্য দিয়ে সেতু নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়।যোগাযোগ করা হলে এলাকাবাসীর উদ্যোগে ‘জনতার তহবিল’ গঠন করা হয়েছে জানিয়ে বাউরভাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল জানান, চিকারখালে এলাকাবাসী প্রতিবছর বাঁশের সাঁকো তৈরি করে দেন। এ অবস্থায় একটি সেতু নির্মাণের দাবি ছিল। কিন্তু এ দাবি পূরণে কোনো আশ্বাস না পেয়ে শেষে নিজেরাই উদ্যোগী হয়েছে।আবদুল জলিল জানান, চিকারখালের এপার-ওপারে তিনটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। একটি কমিউনিটি ক্লিনিকের জন্য স্বাস্থ্যসেবা নিতে বিভিন্ন বয়সী মানুষকে খালের এপার-ওপার যাতায়াত করতে হয়। সব মিলিয়ে প্রায় ২০ হাজার মানুষের যাতায়াত ওই সাঁকো দিয়ে। এ জন্য সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।