সেতু নির্মাণের আশ্বাস আছে বাস্তবায়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কালিকাবাড়ী এলাকায় নেতাই নদের ওপর সেতু না থাকায় কমপক্ষে ১০টি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বিভিন্ন সরকারের আমলে জনপ্রতিনিধিদের কাছে সেতুটির জন্য আবেদন-নিবেদন করেছে তারা। আশ্বাসও পেয়েছে। কিন্তু দাবি আর বাস্তবায়িত হচ্ছে না।
৪ ডিসেম্বর দক্ষিণ মাইজপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, নেতাই নদের ওপর প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের একটি নড়বড়ে সাঁকো দাঁড়িয়ে আছে। এর ওপর দিয়েই চলছে পারাপার। ঝুঁকি নিয়ে পার হচ্ছে মোটরসাইকেল, মালবাহী ঠেলাগাড়ি।
দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পুঁটিমারি, গাছুয়াপাড়া, চারুয়াপাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে নেতাই নদ পার হয়ে উপজেলা সদরে যাতায়াত করে।
কালিকাবাড়ী গ্রামের আশরাফ আলী (৫৬) ও বড়ইয়া গ্রামের হাবিবুর রহমান (৫৫) বলেন, ১৯৯২ সাল থেকে এলাকাবাসী নদীটির ওপর সেতু নির্মাণের জন্য বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানিয়ে আসছে। নির্বাচনের আগে ভোট চাওয়ার সময় তাঁদের অনেকেই সেতুটি তৈরির প্রতিশ্রুতিও দেন, কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। তাঁরা জানান, বর্ষাকালে নদ পার হতে গিয়ে নৌকা ডুবে গত পাঁচ বছরে এই এলাকার দুজন মারাও গেছেন।
উপজেলা প্রকৌশলী বাবুল মিয়া বলেন, এখানে একটি সেতু নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারের কাছে নেতাই নদের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি। সেতুটির জন্য আমার চেষ্টা এখনো অব্যাহত।’