
৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলার চরফ্যাশন উপজেলার মায়ারদোন সেতু উদ্বোধনের এক বছর না যেতেই দুই পাশের সংযোগ সড়ক ধসে গেছে। পাঁচ মাস ধরে সেতুটি ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে এমন হয়েছে। আর স্থানীয় ব্যক্তিরা বলছেন, উদ্বোধনের পর ছয় মাসের মাথায় সেতুর সংযোগ সড়ক ধস শুরু হয়েছে।
গত বুধবার দেখা যায়, সংযোগ সড়কের দুই পাশের বাসিন্দাদের ওঠানামার জন্য নির্মিত সিঁড়ি ভেঙেগেছে। সড়কের ১০-১২ স্থানে বড় বড় গর্ত। ভারী যানবাহন চলাচলের অনুপযোগী সড়কে মানুষ হেঁটে চলাচল করছে। সড়কের বড় বড় গর্তের ওপর বিছানো কাঠের ওপর দিয়ে রিকশা ও মোটরসাইকেল চলাচল করছে।
স্থানীয় জনগণ ও এলজিইডি সূত্র জানায়, চরফ্যাশনের মায়ারদোন নদের ওপর সেতুটির উদ্বোধন হয় গত বছরের ৮ মে। সেতুটি চালু হওয়ায় চার লাখ মানুষের যোগাযোগ সহজ হয়। কৃষি কার্যালয়ের তথ্যমতে, উপজেলার দক্ষিণ আইচা ও শশীভূষণ থানার ৯০ শতাংশ কৃষিনির্ভর মানুষ পণ্য পরিবহনে সেতুটি ব্যবহার করছে।
উপজেলার নজরুল নগরের মো. ফারুক মাল বলেন, উদ্বোধনের পাঁচ-ছয় মাসের মাথায় সেতুর সংযোগ সড়কে ধস শুরু হয়েছে। চলতি বছরের ২১ মার্চ ঘূর্ণিঝড় রোয়ানু এবং অস্বাভাবিক জোয়ার-জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টিতে সড়ক দেবে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এতে মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
এলজিইডি ভোলার জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম বলেন, একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে মায়ারদোন সেতু (৩৭৯ মিটার দীর্ঘ ও ১২ মিটার উঁচু) ও সেতুর দুই পাশের ৮৭০ মিটার অ্যাপ্রোচ সড়ক (সংযোগ সড়কে আরও দুটি সেতু-কালভার্ট রয়েছে) নির্মাণ করে। সেতুর কাজ ২০১১ সালে শুরু হয়ে ২০১৫ সালের মে মাসে শেষ হয়। এটি জেলার সবচেয়ে উঁচু ও দীর্ঘ সেতু।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রোয়ানু, অস্বাভাবিক জোয়ার-জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টিতে সংযোগ সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে। এখানে ঠিকাদারের কোনো অনিয়ম নেই। নকশাও ঠিক ছিল। তিনি আরও বলেন, গত মাসেএলজিইডির প্রধান প্রকৌশলীর দপ্তরের ডিজাইন ইউনিট থেকে একটি দল এসে সেতুটি পরিদর্শন করে। তাঁরা খুব দ্রুত সেতুটি ব্যবহারের উপযোগী করবে।
মূল সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান নবারুণ ট্রেডার্সের ঠিকাদার হারুন অর রশিদ বলেন, দ্রুত সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার কারণ নকশা। নকশায় কোনো নালা (ড্রেন) ছিল না।