সেতু নির্মাণের ছয় বছরেও সংযোগ সড়ক হয়নি

পটুয়াখালীর বাউফল উপজেলার আলগি নদীর ওপর সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ২০০৮ সালে নির্মিত হয় নুরাইনপুর-ভরিপাশা সেতুটি। কিন্তু দীর্ঘ ছয় বছর পার হলেও সংযোগ সড়ক নির্মিত হয়নি। এ কারণে সেতুটি মানুষের কোনো কাজে আসছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার সূর্য্যমণি, কেশবপুর, ধুলিয়া ও নাজিরপুর এই চার ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের সুবিধার্থে ২০০৬ সালে ইউনিয়ন সংযোগ সড়ক প্রকল্পের আওতায় ওই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। ১৫০ দশমিক ১০ মিটার দৈর্ঘ্য, ৫ দশমিক ৮৫ মিটার প্রস্থ, পাঁচ স্প্যানবিশিষ্ট প্রিস্টেটস্ কংক্রিট গার্ডার সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় চার কোটি ৫১ লাখ ৫০ হাজার ৪৪৭ টাকা। একই বছর জুন মাসে সেতুটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। জুলাই মাসে এর নির্মাণকাজ শুরু হয়। ২০০৮ সালের শুরুতে নির্মাণকাজ শেষ হয়।
পরে সংযোগ সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয় ৯৪ লাখ ৮৮ হাজার ৫৯ টাকা। আহ্বান করা হয় দরপত্র। ঠিকাদারকে ২০০৮ সালের ১২ মে কার্যাদেশ দেওয়া হয়। এর কিছুদিন পর কাজ শুরু করা হলেও জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে সংযোগ সড়কের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ছয় বছরেও সংযোগ সড়কের কাজ আর শেষ করা সম্ভব হয়নি।
নুরাইনপুর কলেজের ছাত্র মো. বাবলু বলে, শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকা পার হয়ে ভরিপাশা থেকে নুরাইপুর কলেজ, অগ্রণী বিদ্যাপীঠ ও নুরাইনপুর মাদ্রাসায় আসা-যাওয়া করতে হচ্ছে। সূর্য্যমণি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, চার ইউনিয়নের মানুষের উন্নয়নের জন্য সেতুটি নির্মাণ করা হলেও শুধু সংযোগ সড়কের কারণে সেতুটি মানুষের কোনো উপকারে আসছে না।
এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহজাহান ফরাজী বলেন, ‘জমি অধিগ্রহণসংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে। পুনরায় প্রাক্কলন প্রস্তুত করে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি, অনুমোদন পেয়ে যাব এবং শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ আরম্ভ করা সম্ভব হবে।’