সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গাজীখালী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। একই দাবিতে ব্যবসায়ীরা সাটুরিয়া বাজারের দোকানপাট অর্ধবেলা বন্ধ রাখেন।
ঐক্যবদ্ধ নাগরিক কমিটির ব্যানারে গত সোমবার সাটুরিয়া বাজারে এসব কর্মসূচি পালন করা হয়। আয়োজক কমিটি জানায়, প্রায় আড়াই লাখ মানুষের সুবিধার্থে গাজীখালী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে গতকাল সাটুরিয়া-দরগ্রাম সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল আটটা থেকে সাত শতাধিক দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা সাটুরিয়া-দরগ্রাম সড়কের পাশে সাটুরিয়া বাজারে অবস্থান নেন। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এলাকার লোকজন ওই বাজারে অবস্থান নেন। সকাল ১০টার দিকে সাটুরিয়া-দরগ্রাম সড়কে তাঁরা পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি আয়োজন করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা সাটুরিয়া বাজার এলাকায় গিয়ে বিক্ষোভ করতে থাকেন। এর পর সেখানে মানববন্ধন ও পরে সমাবেশ করেন।
কমিটির আহ্বায়ক এরশাদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নূরে কুতুব সেলিম ও সাটুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি বাবুল হোসেন। বক্তারা বলেন, ঢাকার ধামরাই উপজেলার নান্দেশ্বরী এলাকায় বেইলি সেতু দিয়ে সাটুরিয়ায় যাতায়াত করতে হয়। কিন্তু সম্প্রতি সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়লে সেখানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এলাকাবাসীর সুবিধার্থে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে সাটুরিয়া বাজারে গাজীখালী নদীর ওপর সেতুটি নির্মাণের দাবি জানান তাঁরা।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির পাশে নতুন করে আরেকটি সেতু নির্মাণের জন্য রাস্তা (অ্যাপ্রোচ সড়ক) অধিগ্রহণ করা হয়েছে। বিকল্প কোনো উপায় নেই। সেতুটি নির্মাণে ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম বলেন, পূর্বানুমতি না থাকায় এবং আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সাটুরিয়া-দরগ্রাম সড়কে মানববন্ধন করতে নিষেধ করা হয়।
নদী রক্ষায় মানববন্ধন: মানিকগঞ্জে নদ-নদী রক্ষার দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন উন্নয়ন সংগঠন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে জেলা শহরে মিছিল ও পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) উদ্যোগে এসব কর্মসূচিতে উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সেন্টার (স্যাক); সামাজিক সংগঠন প্রভাত সংঘ, উত্তরণ, সন্দীপন, সেবা সহায়তা কেন্দ্র, পল্লী জাগরণ চক্র, পল্লী সেবক সংঘ, বঙ্গসঞ্চৃতি অরুণাচল এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠেছে মানিকগঞ্জ শহর। বছরের অধিকাংশ সময় এসব নদীতে পানি থাকলেও বিভিন্ন কারখানার বর্জ্য, দখল-দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন তা মৃতপ্রায়। এতে পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নদীর ওপর নির্ভরশীল মানুষ বেকার হয়ে পড়েছেন।