সেতু নির্মাণের পর বেড়েছে পরিবহন খরচ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের কয়েরখালী খালের ওপর ২৫ বছর আগে নির্মিত সেতুটি এখন এলাকাবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। সেতুটির রেলিং ভেঙে যেমন বেড়েছে দুর্ঘটনা, তেমনি কৃষিপণ্য পরিবহনেও এলাকাবাসীর ব্যয় বেড়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সেতুর পূর্বপারের ১১টি গ্রামের কমপক্ষে তিন হাজার কৃষক।খানপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েরখালী খালের পূর্বপারের কৃষকেরা উৎপাদিত পণ্য পরিবহনের সুবিধার্থে ২৫ বছর আগে উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের উদ্যোগে ছয় ফুট প্রস্থ ও প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের এই ঢালাই সেতুটি নির্মাণ করা হয়।দরশিকাপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম জানান, যানবাহন চলাচলের সুবিধা বিবেচনায় না এনেই সেতুটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় লোকজন সেতুর মূল সড়কের পাশে অবস্থিত খালের অংশ থেকে নির্মাণের দাবি করেছিল। কিন্তু তৎকালীন প্রকৌশলী তাদের কথার কোনো গুরুত্ব দেননি।খানপুর গ্রামের কৃষক নূর আলম জানান, এত উঁচুতে গাড়িতে করেও কোনো ফসল তোলা যায় না। গাড়ির মালামাল সেতুর পাশে নামিয়ে খালি গাড়ি পার করতে হয়। তারপর মাল শ্রমিক দিয়ে সেতু পার করিয়ে আবার গাড়িতে তুলতে হয়। এতে প্রত্যেক কৃষকের বস্তাপ্রতি অতিরিক্ত ব্যয় হয়। স্থানীয় রাজু আহম্মেদ জানান, তিন থেকে চার বছর আগে সেতুর দুই পাশের রেলিংয়ের কিছু অংশ ভেঙে যায়। ওই রেলিং আর মেরামত করা হয়নি।উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম এলাকাবাসীর ভোগান্তির কথা নিশ্চিত করে জানান, আসলেই মূল সড়ক থেকে সরে সেতুটি নির্মাণ করায় তা তেমন উপকারে আসছে না। স্থানীয় ব্যক্তিদের সমস্যা তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি নতুন করে সেতুটি নির্মাণের আবেদন করেছেন। এখনো অনুমোদন মেলেনি।