সোনারগাঁয়ের দুই ইউনিয়নের ৪০ গ্রামের মানুষের দুর্ভোগ
সেতু নির্মাণের প্রতিশ্রুতি পূরণ করেননি দুই সাংসদ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদী এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর এ সরকারের আমলেও সেতু নির্মিত হচ্ছে না। গত চারটি জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে সাংসদ নির্বাচিত হলেও তা পূরণ করেননি। ফলে শিগগিরই শেষ হচ্ছে না উপজেলার জামপুর ও সনমান্দী ইউনিয়নের ৪০ গ্রামের মানুষের দুর্ভোগ।
হরিহরদী গ্রামের বাসিন্দা আলীম হোসেন বলেন, স্কুল-কলেজ, হাটবাজারে যেতে হলে দুটি ইউনিয়নের ৪০ গ্রামের মানুষকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিতে হয়। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো ও অন্য সময়ে নৌকা ছাড়া নদী পারাপার হওয়া যায় না। সেতুর অভাবে এলাকার শত শত কৃষককে পণ্য নিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে সমস্যা হচ্ছে। আলীম আরও বলেন, এবার নির্বাচনের আগে আবারও কেউ প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী বিশ্বাস করবে না।
স্থানীয় লোকজন জানান, জামপুর ইউনিয়নের মুছার চর ও সনমান্দী ইউনিয়নের হরিহরদী বাজারের মধ্যবর্তী স্থানে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের জন্য প্রতিটি নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল কায়সারও নির্বাচিত হলে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাংসদ নির্বাচিত হওয়ার প্রায় পাঁচ বছর পূরণ হলেও সেতু নির্মাণ তো দূরের কথা কোনো প্রকল্প প্রস্তাবই পাস হয়নি।
এ ব্যাপারে সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কয়েকবার ডিও লেটার (চাহিদাপত্র) দিয়েছি। স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় সেতুটি নির্মাণ করতে পারিনি।’
সাবেক সাংসদ রেজাউল করিম বলেন, ‘আমি ওই এলাকায় প্রতিশ্রুতির পরও সেতু নির্মাণ করতে পারিনি সত্য। তবে একই নদীর ওপর সনমান্দীর অলিপুরা এলাকায় একটি সেতু নির্মাণ করেছিলাম।’