সেতু নির্মিত হয়নি, যান চলছে দীর্ঘ পথ ঘুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার হরতকীরটেক এলাকার সেতুটি ভেঙে আছে। কাপাসিয়া-শ্রীপুর উপজেলার মধ্যে যোগাযোগ স্থাপনকারী এই সেতুর পাশে বাঁশের সাঁকো বনানো হয়েছে। ভাঙা সেতুর পাশে সাইনবোর্ড টানানো হয়েছে। তবে অনেক যানবাহন ভাঙা সেতুর কাছে এসে ফিরে যাচ্ছে। ফলে দীর্ঘ পথ ঘুরে যানবাহন চলছে।

গত ৪ নভেম্বর গোসিংগা-পেলাইদ-বরমী সড়কের সেতুটি ভেঙে পড়ে। শ্রীপুর থেকে বরমীর মূল সড়কটি প্রায় এক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। তাই বালুবাহী শত শত ট্রাক গোসিংগা-পেলাইদ-বরমী সড়কটিকে বিকল্প হিসেবে ব্যবহার করছিল। সেতু ভাঙার মূল কারণ হিসেবে বালুবাহী ট্রাক চলাচলকে দায়ী করেছিলেন এলাকাবাসী। সেতু ভেঙে পড়ার পর এলজিইডির কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকোয় চলাচল করছে মানুষ। ছবিটি শুক্রবারের l প্রথম আলো
ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকোয় চলাচল করছে মানুষ। ছবিটি শুক্রবারের l প্রথম আলো

গত শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশে সাইনবোর্ড টানানো। এতে লেখা, ‘সামনে ভাঙা সেতু, বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো’। সেতুটির দক্ষিণে গোসিংগা ইউনিয়নের দড়িখোঁজেখানী (নয়াপাড়া) গ্রাম। অন্য পাশে বরমী ইউনিয়নের হরতকীরটেক। দুই পাশে অন্তত ২০টি ছোট-বড় যানবাহন দাঁড়িয়ে আছে। কাপাসিয়া থেকে বরমী, শ্রীপুরসহ বিভিন্ন স্থানে চলাচলকারী যাত্রীরা এখানে এসে নেমে যান। হেঁটে সাঁকো পার হয়ে অন্য যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা।

সেতুর পাশে কথা হয় কয়েকজন এলাকাবাসীর সঙ্গে। নয়াপাড়া গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ঘটনার এক সপ্তাহের মধ্যে সেখানে বেইলি সেতু তৈরির কথা ছিল। কিন্তু এত দিনেও তা করা হয়নি। অথচ এলাকার ১ হাজার ৫০০ শ্রমিককে প্রতিদিন শ্রীপুর ও কাপাসিয়ার বিভিন্ন কারখানায় কাজ করতে যেতে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন বরমী থেকে গোসিংগা হয়ে কাপাসিয়া ও নরসিংদী পর্যন্ত বিভিন্ন যানবাহন চলাচল করত। এখন এই সেতু ভেঙে যাওয়ায় কার্যত দুটি এলাকা বিচ্ছিন্ন রয়েছে।

হরতকীরটেক গ্রামের ব্যবসায়ী আসাদুল্লাহ বলেন, সেতুটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিকল্প একটা ব্যবস্থা করা জরুরি ছিল। হাজার হাজার মানুষের এমন দুর্ভোগ দেখার কেউ নেই। সেতু ভেঙে পড়ার তথ্য না জেনে কয়েক দিন আগে সালাউদ্দিন নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে সেতু পার হতে গিয়ে খালে পড়ে যান। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন শত শত যানবাহন বরমী যেতে এই রাস্তা ধরে এসে সেতুর কাছ থেকে ফিরে যাচ্ছে।

গোসিংগা-বরমী সড়কে গাড়িচালক খোরশেদ আলম জানান, এই রাস্তায় চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষিপণ্য পরিবহনে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। ভারী ভারী বস্তা মাথায় নিয়ে সাঁকো পার হয়ে অন্য পাশের যানবাহনে উঠতে হয়। পল্লিচিকিৎসক জাকির হোসেন বলেন, তিনি মোটরসাইকেলে কাপাসিয়া থেকে বরমী যাওয়ার জন্য এসেছিলেন। এসে দেখেন, সেতুটি ভেঙে পড়েছে। তাই তাঁকে আবার ১০ কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে বরমী যেতে হবে।

বরমী বাজারের ব্যবসায়ী গণেশ ভান্ডারের মালিক রিপন সাহা বলেন, বরমী বাজারে কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান আছে। বরমীর অন্যান্য সড়ক যান চলাচলের অনুপযুক্ত থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে মালামাল পরিবহনের সর্বশেষ ব্যবস্থা ছিল গোসিংগা-পেলাইদ-বরমী সড়কটি। কিন্তু সেতু ভেঙে পড়ায় এখন ৩০ কিলোমিটার ঘুরে চলতে হচ্ছে। এতে বাড়তি পরিবহন খরচ হচ্ছে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকার বলেন, ‘এই সেতুটি অনেক পুরোনো। অনেক আগেই সেতুটি পুনরায় নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছিলাম। উপজেলা প্রকৌশলীর কাছে জেনেছি, সেতুটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ভারী যানবাহন চলাচল করায় সেতুটি হঠাৎ ভেঙে পড়েছে। আপাতত বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করছে। খুব শিগগিরই বেইলি সেতু তৈরি করে দেওয়া হবে বলে জেনেছি।’

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক বাদল সরকার বলেন, নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে আপাতত সাঁকো তৈরি করে চলাচল করতে হচ্ছে। এলজিইডি দপ্তর থেকে বলা হয়েছে, শিগগিরই এখানে সেতু তৈরি শুরু হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন জানান, এই সেতুটি তৈরির জন্য এলজিইডি সদর দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। আবেদন অনুমোদন করলেই দরপত্র আহ্বান করা হবে।