সেতু নিয়ে উচ্ছ্বাস, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি ঘাটের মুদি দোকানি মো. সোলায়মান। ব্যবসা কেমন চলছে জানতে চাইলে জানালেন, ‘মোটামুটি’। আর পদ্মা সেতু হলে? অনেকটা উদাসীনভাবে বললেন, ‘মনে হয় ব্যবসা থাকব না। দোকান সরাইয়া নিতে হইব।’
খানিক থেমে বললেন, ‘ব্যবসায় লস হইব জানি, তারপরও সেতু হওন দরকার।’
সেতু হলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে সোলায়মান বলেন, ‘ভাবছি, কী করমু। তয় সরকার আমাগো দিকে তাকাইলে কিছু করতে পারমু।’
শুধু সোলায়মানই নন। পদ্মা নদীর শিমুলিয়া-কাওরাকান্দি ঘাটের এমন হাজারো ছোট-বড় ব্যবসায়ী, লঞ্চ, স্পিডবোট মালিক-কর্মচারী তাঁদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তাঁরা পদ্মা সেতুর বিপক্ষে নন, শুধু স্বস্তির পুনর্বাসনটাই তাঁদের চাওয়া।
মুন্সিগঞ্জের ঘড়িয়া এলাকার মো. পলাশ শেখ শিমুলিয়া ঘাটে পাউরুটি, কলা, বিস্কুটসহ নানা শুকনো খাবার বিক্রি করেন। বললেন, ‘সেতু হইলে আমাদের ক্ষতি হবে, সত্যি। কিন্তু এটা আমাগো মাইনা নিতে হইব। সরকার অনেক কিছু করছে। আমার মনে হয়, আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও কিছু করবে।’
কাওরাকান্দি ঘাটে ১০ বছর ধরে মুদি দোকান করছেন বাদশা মোল্লা। দোকানে শুধু পানি আর বিস্কুট রয়েছে। জানতে চাইলে বললেন, ‘মাল তোলার সাহস করি না। কয়দিন আগেই কতগুলা দোকান ভাঙছে। এইটাও যদি ভাইঙা দেয়, তাইলে মাল কই রাখমু?
বন্ধ হতে পারে লঞ্চ ব্যবসা: বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মাওয়া জোনের সুপারভাইজার মো. ইসমাইল হোসেনের জানান, শিমুলিয়া-কাওরাকান্দি রুটে মোট ৮৭টি লঞ্চ চলাচল করে। প্রতিটি লঞ্চ দিনে অন্তত তিনটি করে ট্রিপ দেয়। প্রতিটি ট্রিপে গড়ে ১২৫-১৫০ জন যাত্রী থাকে।
সেতু হওয়ার পর লঞ্চ ব্যবসায় কী প্রভাব পড়বে—এমন প্রশ্নের জবাবে ইসমাইল বলেন, লঞ্চ ব্যবসায়ী ও কর্মচারীরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। অনেক মালিক ছোট লঞ্চ বিক্রি করে বড় লঞ্চ কিনছেন, কেউ অন্য ব্যবসায় ঝুঁকছেন। পদ্মা সেতু হলে নৌপথটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
এ নৌপথে চলাচলকারী এমভি সম্রাট লঞ্চের সারেং বিল্লাহ হোসেন জানান, প্রায় ২৯ বছরে ধরে লঞ্চে কাজ করছেন তিনি। সেতু হলে চাকরি হারাতে পারেন—এমন শঙ্কা প্রকাশ করে বললেন, ‘কী কাম কইরা খামু, সেই চিন্তাই করছি।’
মাওয়া-চর জানাজাত-মাঝিকান্দি লঞ্চ কর্মচারী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ হাওলাদার বলেন, তাঁদের তালিকাভুক্ত প্রায় ছয় শ জন শ্রমিক রয়েছেন। চাকরি হারানো শঙ্কায় রয়েছেন তাঁরা।
ধস নামবে স্পিডবোট ব্যবসায়: শিমুলিয়া-কাওরাকান্দি রুটে দ্রুত সময়ে পারাপারের জন্য চালু হয়েছে স্পিডবোট সার্ভিস। দুদু মিয়া নামের এক স্পিডবোটের চালক বলেন, ‘এখানের আয় দিয়ে পরিবারসহ ভালো ছিলাম। স্পিডবোট সার্ভিস বন্ধ হয়ে গেলে কী হবে জানি না।’
কাওরাকান্দি স্পিডবোটে মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হাওলাদারের তথ্য, পদ্মার এপার-ওপার মিলিয়ে প্রায় নয় শ স্পিডবোট রয়েছে। এর মধ্যে তাঁদের সমিতির আওতায় রয়েছে ২৮০টি স্পিডবোট। প্রতিটি বোটের দাম ৫ থেকে ১২ লাখ টাকা। অনেকে ব্যাংক বা সমিতি থেকে টাকা তুলে স্পিডবোট কিনেছেন। সেতু হয়ে গেলে মালিক ও চালককে আর্থিক সমস্যায় পড়তে হবে।
দক্ষিণাঞ্চলের মানুষের মতোই তাঁরাও চান পদ্মা সেতু হোক—এমনটা দাবি করে দেলোয়ার বলেন, ‘এ ঘাটে অনেক ছোট ব্যবসায়ীকে পুনর্বাসনের জন্য টাকা দেওয়া হয়েছে। আমরাও ক্ষতিগ্রস্ত, আমাদের দিকেও সরকার একটু নজর দেবে, সেটাই প্রত্যাশা।’
এ ব্যাপারে জানতে চাইলে পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের জেলা প্রশাসকদের করা সার্ভে অনুযায়ী তালিকায় ক্ষতিগ্রস্ত হিসেবে ঘাটের দুই পাড়ের যেসব দোকানমালিকের নাম আছে, শুধু তাঁরাই ক্ষতিপূরণ পাবেন। আর লঞ্চ ও স্পিডবোট মালিক ও শ্রমিকদের ব্যাপারে নীতিমালায় কিছু বলা নেই। তাই তাঁরা ক্ষতিপূরণ পাবেন না।