সেতু নেই, রশি টেনে পারাপার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাঘট নদের দুই পাড়ে দুটি খুঁটি। এতে টানানো আছে একটি বড় রশি। রশি টেনে এপারের লোকজন নৌকায় করে ওপারে যায়। এভাবে পারাপার হতে গিয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। নদের এপারে রংপুর সদর উপজেলার তামপাট ইউনিয়ন। ওপারে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন। সরেজমিনে দেখা গেছে, রংপুর সদর উপজেলার তামপাট ইউনিয়নের মীরগঞ্জ, দেউতি, রঘু, ঠাটারীপাড়া, মুদিখানা, হোসেনপুর ও তালুক এলাকায় কোনো কলেজ কিংবা ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। আছে রংপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে। কিন্তু নদ পার হলে মাত্র দুই কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে কলেজ ও বিদ্যালয় আছে। তাই তামপাট ইউনিয়নের কয়েক শ শিক্ষার্থীকে ঘাঘট নদ পার হয়ে পায়রাবন্দে লেখাপড়া করতে যেতে হয়। সদর উপজেলার তামপাট ইউনিয়নের রঘু এলাকার বাসিন্দা পায়রাবন্দ ডিগ্রি কলেজের হিরা আক্তার বলেন, এক উপজেলা থেকে অন্য উপজেলার একটি কলেজে যেতে মাত্র দুই কিলোমিটার পথ। কিন্তু নৌকায় পারাপারে বেশ ঝুঁকি থেকে যায়।সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে একটি সেতু নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’