সেতু নেই ছয় বছর, ভোগান্তি ২০ গ্রামের মানুষের
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শ্রীরামদিয়া খালের ওপর সেতু না থাকায় চার উপজেলার ২০টি গ্রামের ১৮ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সেতুর জন্য তাঁদের ১৮ কিলোমিটার পথ ঘুরে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৮৮ সালে ভবুকদিয়া-হাটকৃষ্ণপুর সড়কের শ্রীরামদিয়া খালের ওপর ১২০ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করেছিল। এর ওপর দিয়ে ভাঙ্গা, নগরকান্দা ও ভবুকদিয়া বাসস্ট্যান্ড হয়ে পাশের সদরপুর উপজেলা শহর, হাটকৃষ্ণপুর বাজার, চরভদ্রাসনের হাজিগঞ্জ বাজার, সদর উপজেলার গজারিয়া হাটসহ চরভদ্রাসন ও নগরকান্দা শহরে যাতায়াত করা যেত।
এ ছাড়া নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুরের ২০টি গ্রামের কৃষক ও ব্যবসায়ীরা এই সেতুর ওপর দিয়ে ট্রাকসহ বিভিন্ন যানে কৃষিপণ্য ও অন্য মালামাল আনা-নেওয়া করতেন। ২০০৭ সালে বন্যায় সেতুটি ভেঙে যায়। এরপর সেখানে আর নতুন সেতু নির্মিত হয়নি। যাতায়াতের জন্য এলাকাবাসী সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে।
শ্রীরামদী গ্রামের মহিউদ্দিন মাতুব্বর জানান, এলাকার কৃষকেরা চার গুণ পথ ঘুরে তাঁদের কৃষিপণ্য শংকরপাশা, বাড়ৈর হাট, হাটকৃষ্ণপুর বাজারসহ বিভিন্ন হাটে নিয়ে যাচ্ছেন। এতে তাঁদের অতিরিক্ত টাকা খরচ ও সময় নষ্ট হচ্ছে।
কৃষকেরা জানান, সেতু না থাকায় তাঁদের ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার ভবুকদিয়া হয়ে নগরকান্দার তালমার মোড়, হাটকৃষ্ণপুর, কুঞ্জনগর ও মজুমদার বাজার হয়ে ১৮ কিলোমিটার পথ ঘুরে চরভদ্রাসন ও ফরিদপুরে সদরে যাতায়াত করতে হয়।
ডাঙ্গি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, ওই এলাকায় একটি সেতু নির্মাণের জন্য তিনি এলজিইডির কার্যালয়ে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, সেতুটি আবার নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তা অনুমোদন হয়নি। এখন এটি নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এলজিইডির প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।