সেতু নেই দুই ঘাটে
রংপুরের তারাগঞ্জ উপজেলার খারুভাজ নদীর খারুয়াবাদঘাট ও যমুনেশ্বরীর কালারঘাটে সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে ১৯ গ্রামের ২৭ হাজার মানুষ। তারা এখন সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে হাড়িয়ারকুঠি ইউনিয়নে খারুয়াবাদঘাট। এ খেয়াঘাটের দুই পারে আছে ১০টি গ্রাম। এর মধ্যে খারুয়াবাদ, নদীরপার, বারোঘড়িয়া, মমিনপুর, শান্তিপাড়া, জানপুর, সৈয়দপুরসহ আট গ্রামের ১৪ হাজার মানুষকে সাঁকো দিয়ে পার হয়ে উপজেলা শহরে যেতে হয়। বাকি দুই গ্রাম মাদ্রাসাপাড়া ও পারঘাটের বাসিন্দারা বিকল্প পথেও উপজেলা শহরে যেতে পারে।
উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে সয়ার ইউনিয়নে কালারঘাট। এ ঘাটের দুই পাড়ে রয়েছে নয়টি গ্রাম। এলাকাবাসী চাঁদা তুলে সাঁকো বানালেও বর্ষাকালে যমুনেশ্বরী নদীর পানি বেড়ে সেটি ডুবে যায়। তখন নৌকা বা কলার ভেলাই ভরসা।
সরেজমিনে ১১ এপ্রিল দেখা গেছে, খারুভাজ নদীর ওপরকার সাঁকোটি বেশ নড়বড়ে। শিক্ষার্থী ও এলাকাবাসী ওই সাঁকো দিয়ে চলাচল করছে।
খারুয়াবাদ গ্রামের কৃষক আবদুস সামাদ বলেন, সাঁকো পেরিয়ে ১০ কিলোমিটার দূরে উপজেলা সদর। কিন্তু কৃষিপণ্য নিয়ে সাঁকোর ওপর দিয়ে চলাচল করা যায় না। তাই চার কিলোমিটার বেশি পথ ঘুরে পারঘাট এলাকা দিয়ে কৃষিপণ্য উপজেলা শহরে নিতে হয়। এতে তাঁদের পণ্য বহনের খরচ বেড়ে যায়।
নদীরপার গ্রামের দিনমজুর সিরাজুল ইসলাম বলেন, ‘পুলের জন্য একবার নৌকা, দুইবার লাঙ্গল মার্কায় ভোট দিছিনো। কিন্তু সেতু পাই নাই।’
কালারঘাট গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘সরকার কত কিছু করে, খালি হামার গ্রামের কাছত পুল কোনা বানেবার না পারে। এটে একনা পুলের জন্য হামার কষ্ট চিরকাল।’
উজিয়াল গ্রামের কৃষক আনছার আলী বলেন, ‘নির্বাচন আসলে নেতারা কয়, তোমার নদীটা তো বড় সমস্যা। ভোট দেও; ইবার পুল হয়া যাইবে। হামরা তাতে মাতি ভোট দেই। কিন্তু পুল আর পাই না।’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘খারুয়াবাদঘাট দিয়ে দুই পারের ১০ গ্রামের কমপক্ষে ১৫ থেকে ১৬ হাজার মানুষ যাতায়াত করে। ঘাটটিতে একটি সেতু অত্যন্ত জরুরি। সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সাংসদকে অনুরোধ করেছি।’
উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান জানান, খোঁজ নিয়ে ওই দুই স্থানে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হবে। বরাদ্দ পেলে সেতু নির্মাণ করা হবে।