সেতু নেই, দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ

এক পাশে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কদমতলী আরেক পাশে হাসনাবাদ গ্রাম। মাঝে গোমতী নদী। এই স্থানে নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি ২৮ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক বাসিন্দার।
এলাকাবাসীর অভিযোগ, তাদের এই প্রাণের দাবি দুই যুগ ধরে উপেক্ষিত । সেতু নির্মাণে এ পর্যন্ত অনেক প্রতিশ্রুতি ও আশ্বাস এসেছে। কিন্তু কাজ হয়নি। সেতুর অভাবে অর্ধলক্ষাধিক মানুষের যাতায়াতে কষ্ট ও ভোগান্তি বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, দাউদকান্দি উপজেলা সদর থেকে উত্তর ইউনিয়ন এবং তিতাস ও মেঘনা উপজেলার কিছু অংশে যেতে নির্ভর করতে হয় খেয়া নৌকার ওপর। এতে সময় অপচয় হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকদের উৎপাদিত পণ্য, ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়ায় মানুষের ভোগান্তির শেষ নেই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দাউদকান্দি উপজেলা শাখার প্রকৌশলী রতন লাল সরকার বলেন, ওই নদীতে ২৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে তিন বছর আগে একটি প্রকল্প প্রস্তাব এলজিইডির ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।
কদমতলী ও দুধঘাটা গ্রামের কমপক্ষে পাঁচজন বাসিন্দা বলেন, সেতুর অভাবে দাউদকান্দি উত্তর ইউনিয়নসহ তিতাস ও মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এর মধ্যে দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি, বাহেরচর, বাজরা, বটতলী ও গঙ্গাপ্রসাদ; তিতাস উপজেলার দুধঘাটা, দড়িগাঁও, চরকাঠাঁলিয়া, বাটেরারচর,কান্দারগাঁও, কাকিয়ালী, মোহনপুর, উজিরাকান্দি, সাতানী, চারআনি, নন্দীরচর, মঙ্গলকান্দি, বারকাউনিয়া, কালীরবাজার, ভুঁইয়ারবাজার, নন্দনপুর, বালুয়াকান্দি, জগতপুর ও চরকুমারিয়া এবং মেঘনা উপজেলার আলীপুর, বিনোদপুর, চরবিনোদপুর ও হিজলতলী গ্রামের মানুষ নৌকা নিয়ে গোমতী নদী পারাপার করে।
বাহেরচর গ্রামের কৃষক খুরশীদ মোল্লা ও শুক্কুর আলী বলেন, ‘ব্রিজের লাইগ্যা ফসলও ওপারে (দাউদকান্দি উপজেলা সদর বাজার) নিয়ে বেচতে পারি না। নৌকায় কি আর সব নেওয়া যায় ?’
নন্দনপুর গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘সেতু না থাওনে মালামাল পার করা খুবই ঝামেলা। নৌকায় পইসাও বেশি লাগে। রাইত-বিরাইতে আবার নৌকা পাওয়া যায় না। ’
ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের ছাত্রী হাসনাবাদ গ্রামের তানিয়া আক্তার ও আলো আক্তার বলেন, ‘সেতু না থাকায় নৌকায় নদী পার হতেই চলে যায় আধা ঘণ্টা। ঠিকমতো নৌকা পাওয়া কঠিন। সেতুটা হলে আমাদের জন্য যে কত ভালো হতো। ’
হাসনাবাদ গ্রামের প্রকৌশলী এস এম হযরত হোসেন ও সমাজসেবক জাহাঙ্গীর আলম সরকার জানান, এ সেতু নির্মিত হলে উপজেলা সদরের মধ্যে প্রায় ২৮ গ্রামের বাসিন্দাদের যাতায়াতের অসুবিধা দূর হবে। দাউদকান্দি সদরে গিয়ে ঢাকায় যাতায়াত সহজ হবে, সাশ্রয় হবে অর্থ ও সময়ের ।