সেতু নেই, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার মানুষের

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুরা বাজারের কাছে নরসুন্দা নদীর ওপর সেতু নেই। নদীটির ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে সদর ও হোসেনপুরের নয়টি গ্রামের লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
রামপুরা এলাকার মো. আজিজুল হক বলেন, নির্বাচন এলেই এলাকার জনপ্রতিনিধিরা এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। ভোটে পাস করার পর আর প্রতিশ্রুতির কথা মনে থাকে না।
এলাকাবাসী সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ওই নদী পারাপার হয় পথচারীরা। প্রতিদিন এ পথে কিশোরগঞ্জ সদরের কুট্টাগড়, কামালিয়ারচর, ধনাইল, বুড়িরচর, বিন্নাটি ও আওলিয়া পাড়া এবং হোসেনপুরের রামপুরা, চরপুমদি ও শাহেদল গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। সাঁকোটির পাশেই রামপুরা বাজার। সেখানে সপ্তাহে শনি ও বুধবার হাট বসে। এ দুদিন দূরদূরান্ত থেকে সবজি নিয়ে এসে কৃষকেরা সাঁকো পার হতে ভোগান্তির শিকার হন। সঙ্গে গুনতে হয় অতিরিক্ত টাকা। সাঁকোটির পাশেই রামপুর মহিলা মাদ্রাসা। শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নদীর এপার-ওপারে যেতে হয়। যান চলাচলের ব্যবস্থা না থাকায় অসুস্থ মানুষকে জেলা শহরে নিয়ে আসতে দুর্ভোগের শিকার হতে হয়।
বুড়িরচর এলাকার রহিমা খাতুন (৬০) বলেন, ‘আমি কোনো সময় এই সাঁকো দিয়ে হেঁটে যেতে পারি নাই। ভয়ে সব সময় বসে বসে পার হই। একদিন সাঁকো থেকে নিচে পড়ে গিয়েছিলাম।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটির দুই পাশে রেলিং নেই। সেটি উঁচু-নিচু অবস্থায় আছে। চলার সময় সেটি দোলে।
কুট্টাগড় এলাকার শিক্ষার্থী শফিকুল ইসলাম ও মিজানুর রহমান বলেন, সাঁকো পার হয়ে কলেজে যেতে হয়। অনেকে প্রায়ই সাইকেল নিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়।
সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বলেন, ওই স্থানে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আবেদন করা হয়েছে। দ্রুতই এর একটা ফল পাওয়া যাবে।
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম মিয়া বলেন, ওই স্থানে সেতু নির্মাণের জন্য নকশা তৈরি করা হয়েছে। দরপত্রও আহ্বান করা হয়েছে।