সেতু নেই, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়িতে ধরলা নদীর ছড়া কালটুর কুড়ার ওপর সেতু না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাত গ্রামের মানুষকে। স্থানীয় লোকজন ওই স্থানে প্রতিবছর বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

ওই স্থানে সেতু না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাটগ্রাম উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা আরডিআরএস ১৯৮৫ সালে জুগিটারী গ্রামে কালটুর কুড়ার ওপর সেতু নির্মাণ করে। এর দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ১২ ফুট। কিন্তু ১৯৮৮ সালের বন্যায় সেতুটি বিধ্বস্ত হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জোংড়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিজিবির ক্যাম্পের সামনে কালটুর কুড়া সাঁকোটি জুগিটারীসহ সাতটি গ্রাম দুই ভাগে ভাগ করেছে। এ সময় এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ৮৮ সালে সেতুটি বিধ্বস্ত হওয়ায় প্রতিবছর বর্ষাকালে সেখানে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। সাতটি গ্রামের লোকজনকে জেলা ও উপজেলা শহর এবং ধবলগুড়ি বাজারে আসার জন্য ওই সাঁকো পারাপার হতে হয়। তাই নিজেদের প্রয়োজনে তাঁরা সেখানে প্রতিবছর সাঁকো নির্মাণ করেন। এখানে সেতু না থাকায় কাজিপাড়া, জুগিটারী, চর্তুরবাড়ি, মুসলিমপাড়া, ভাটিয়াপাড়া, বিজিবি ক্যাম্প, ডাঙ্গাপাড়া ও শালবন ডাঙ্গাপাড়া গ্রামের মানুষ ও রোগীদের শহরে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। প্রতি রবি ও বৃহস্পতিবার উপজেলার রসুলগঞ্জ বাজার হাটে যেতে এবং ওই এলাকার ছয় শতাধিক শিক্ষার্থীকে কলেজ ও বিদ্যালয়ে যেতে এই সাঁকো ব্যবহার করতে হয়।

কাজিপাড়া গ্রামের অন্তত ১৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুটি নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংস্থায় আবেদন করেও কাজ হয়নি। অথচ ভাঙা সেতুর সামনেই সদরে যোগাযোগের জন্য পাকা সড়ক নির্মাণ করা হছে।

কলেজছাত্র আলমাস বলেন, গ্রামের অনেক ছেলেমেয়ে শহরের স্কুল-কলেজে লেখাপড়া করে। বর্ষার সময় অনেকে সাঁকো পার হয়ে স্কুল-কলেজে যেতে চায় না। কারণ, সাঁকো তৈরির কিছুদিন পরেই তা নড়বড়ে হয়ে যায় ।

জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী বলেন, ‘সেতুটি হওয়া খুবই জরুরি। স্থানীয় উপজেলা প্রকৌশলীর সঙ্গে সেতুটির ব্যাপারে কথা বলেছি। তিনি বলেছেন, এটি করার ব্যাপারে তাঁর চেষ্টা অব্যাহত রয়েছে।’

এলজিইডির পাটগ্রাম উপজেলা প্রকৌশলী সামসুজ্জামান বলেন, সেতু নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই কাজ শুরু হবে।