সেতু নেই, ভোগান্তি হাজারো মানুষের
গত বছরের ১৩ এপ্রিল বালুবাহী ট্রাকের ভারে ভেঙে যায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হামিদচরের ডোমখাল বেইলি সেতু। এর পর থেকে নগরের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এলাকাটির।
হামিদচরের প্রবেশমুখে অবস্থিত সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। নতুন করে সেতু নির্মাণের উদ্যোগের কথা শোনা গেলেও এখন পর্যন্ত তা ঝুলে আছে।
সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘনবসতিপূর্ণ হামিদচরে ১০ হাজারের বেশি মানুষের বসবাস। বর্তমানে হামিদচরের সঙ্গে মূল শহরের যোগাযোগের একমাত্র উপায় একটি বাঁশের সাঁকো। কোনো যানবাহন যেতে পারে না ওই এলাকায়। দুই ফুট চওড়া বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন এলাকার স্কুলগামী শিশুসহ কয়েক হাজার মানুষ চলাচল করে। পুরোনো হয়ে যাওয়ায় নড়বড়ে অবস্থায় আছে সাঁকোটি। একসঙ্গে চার-পাঁচজন উঠলেই দুলতে শুরু করে।
এলাকাবাসী জানান, ভেঙে পড়ার আগে ডোমখাল বেইলি সেতু সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়। কিন্তু ঝুঁকিপূর্ণ ওই সেতুর ওপর দিয়েই চলাচল করত পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন। বালুবাহী ট্রাক দুর্ঘটনায় সেতু ভেঙে ওই সময় একটি শিশুরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর সিটি করপোরেশন মানুষের চলাচলের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় অধিবাসীরা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সেতু না থাকায় রোগীদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। অনেক ঘুরপথে তাঁদের মূল শহরে যেতে হয়। এর ফলে অর্থ ও সময়ের অপচয় হয়। বর্ষা এলে দুর্ভোগ পৌঁছে চরমে। নিয়মিত খাল খনন না হওয়ায় প্রতি বর্ষায় বাঁশের সাঁকো বরাবর পানি ওঠে। তখন সন্ধ্যার পর চলাচল করাটা কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা মো. ফোরকান প্রথম আলোকে বলেন, ‘আমার তিনটি বাচ্চা স্কুলে যায়। বৃষ্টি হলেই নড়বড়ে সেতুর ওপর দিয়ে বাচ্চারা স্কুলে যেতে চায় না। আমাদের মধ্যেও আতঙ্ক কাজ করে। রিকশা বা অন্য কোনো যানবাহন প্রবেশ করতে না পারায় হেঁটে অনেক দূর চলাচল করতে হয়।’
সিদ্দিক আহমেদ নামের আরেক বাসিন্দা বলেন, কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত বিভিন্ন কারখানায় কর্মরত অনেক শ্রমিক প্রতিদিন এই সাঁকো দিয়ে আসা-যাওয়া করেন। তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও স্থানীয় সাংসদ মঈন উদ্দীন খান বাদল দুবার এই এলাকা পরিদর্শন করেছেন। প্রতিবারই তাঁরা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনো সেতু নির্মিত হয়নি।
সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, ‘সেতু নির্মাণের বিষয়ে যাবতীয় প্রস্তাব পাস হয়েছে। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা। দুই মাস আগে টেন্ডার আহ্বান করার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সেটি এখনো ঝুলে আছে।’ তিনি বলেন, এলাকাবাসীর স্বার্থে খুব দ্রুত সেতুটির নির্মাণকাজ শুরু হওয়া দরকার।