সেতু নেই, হেঁটে নদ পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ হেঁটে, কেউ সাইকেলে চেপে, কেউবা মালবোঝাই ভ্যান নিয়ে এগিয়ে এলেন। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হঠাৎ চলা থামিয়ে পরনের কাপড় হাঁটু পর্যন্ত উঠিয়ে নিলেন তাঁরা। আরোহীরা সাইকেলটি ঘাড়ে তুলে নিলেন। বড়রা শিশুদের কোলে নিলেন। এরপর একে একে নেমে পড়লেন নদে। নদের বালু ও পানি মাড়িয়ে অনেকে এগিয়ে গেলেও কিছুতেই মালবোঝাই ভ্যানটি পার করতে পারছিলেন না চালক। চালকের কষ্ট দেখে এগিয়ে এলেন কয়েকজন। তাঁরা ভ্যানটি ঠেলে নদ পার করে দিলেন।
গত ২৫ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে। ওই এলাকার কুলিক নদের ওপর সেতু না থাকায় এভাবেই প্রতিদিন কষ্ট করে চলাচল করছেন কয়েক হাজার মানুষ।
কুলিক নদ পাড়ের রসুলপুর ও রাউতনগর এলাকার লোকজন জানান, নদের রাউতনগর এলাকার পূর্বপাড়ে রসুলপুর, বর্মপুর, বারডাঙ্গী, একান্নপুর, বিরাশী, উমরাডাঙ্গী, লেহেম্বাসহ ১১টি গ্রাম এবং পশ্চিমপাড়ে রাউতনগর, কাঠালডাঙ্গী, পদমপুরসহ আরও আটটি গ্রাম, রাউতনগর উচ্চবিদ্যালয়, কাঠালডাঙ্গী কৃষি কলেজ, কাঠালডাঙ্গী উচ্চবিদ্যালয় ও কাঠালডাঙ্গী হাট। তাই পূর্বপাড়ের শিক্ষার্থী ও কৃষকদের নদ পার হয়ে বিদ্যালয়, কলেজ ও হাটে আসতে হয়। আবার পূর্বপাড়ে লেহেম্বা, ফকিরহাট, গোগরহাট থাকায় পশ্চিমপাড়ের লোকজনকে মালামাল কেনাবেচা করতে এ পাড়ে আসতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষায় উজান থেকে যখন ঢল নেমে আসে তখন নদের পানি বেড়ে যায়। এ সময় শিশু ও হাটের মালামাল নিয়ে আসা লোকজনের জন্য নদ পারাপার বেশ বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তখন নৌকা ছাড়া পার হওয়া যায় না। তাই রাউতনগর এলাকায় কুলিক নদের ওপর একটি সেতু নির্মাণ করা খুব জরুরি।
কাঠালডাঙ্গী হাটের কাঁচামাল ব্যবসায়ী আবদুল খালেক জানান, কুলিক নদের রাউতনগর এলাকা ছাড়া অন্য পথে কাঠালডাঙ্গী হাটে যেতে হলে ৯-১০ কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। তাই তিনি দোকানের মালামাল নিয়ে পানি ঠেলে নদ পার হন। এতে তাঁর অনেক কষ্ট হয়। তিনি বলেন, ‘এইঠে একখান ব্রিজ হইলে জীবনটা শান্তি পাইবে।’
রাউতনগর গ্রামের ধনির উদ্দিন (৭৭) বলেন, ‘মুই বুঝি আর পুল দেখি যাবা পারিবা নুহু (না)। ভোটের আগত সবায় কহিছিল ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে এই পুলখান নির্মাণ করা। কিন্তু কাহ (কেউ) কথা রাখেনি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাণীশংকৈল উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রাউতনগর এলাকায় কুলিক নদের ওপর একটি জলকপাট কাম সেতু নির্মাণ করা হয়। কিন্তু কাজ শেষের পরপরই তা ভেঙে পড়ে। জলকপাটটি এখনো ভাঙা অবস্থায়ই পড়ে আছে।
রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান সইদুল হক বলেন, কুলিক নদের ওপর একটি সেতু নির্মাণের জন্য এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন।
উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তবে শুনেছি রাউতনগর এলাকায় একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে এলজিইডির প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’