সেতু নয়, মরণফাঁদ
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তিন-চার বছর আগে কর্তৃপক্ষ সেতুটি পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সেতু দিয়ে ভারী ও হালকা যানবাহন চলাচল নিষিদ্ধ করে শুধু পথচারী চলাচল করার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেতুতে ওঠার স্থান ও এর মাঝখানে লোহার পাটাতন নেই। এ ছাড়া পুরো সেতুর পাটাতনগুলো মরিচায় নষ্ট হয়ে উঠে গেছে।এ সময় পথচারী নাউতরা বাজারের ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, সেতুটি পাঁচ-ছয় বছর ধরে নষ্ট হলেও মেরামত করা হচ্ছে না। কিন্তু বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে হালকা যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করছে। বছর দুয়েক আগে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পাটাতন সরে গেলে বাচ্চাসহ স্বামী-স্ত্রী নদীতে পড়ে যান। স্বামী ও বাচ্চা আহত হলেও মারা যান স্ত্রী। অল্প কিছুদিন আগে মোটরসাইকেলসহ আরও দুজন নদীতে পড়ে আহত হয়। এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।এলাকার আবুজার রহমান (৪৫) বলেন, এলজিইডি ও উপজেলা প্রশাসনকে এই সেতুর ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝুনাগাছ, খালিশা, চাপানি, ডালিয়া, সঠিবাড়ী, গয়াবাড়ী, কাকড়া, নাউতরাসহ এ এলাকার মানুষ ডোমার ও ডিমলায় যাতায়াত করে এই পথে। সেতুটি নষ্ট হওয়ায় মাত্র নয় কিলোমিটার পথ পাড়ি দিতে এখন প্রায় ৩৫ কিলোমিটার ঘুরে যেতে হয়।এলজিইডির ডিমলা উপজেলা প্রকৌশলী শ্যামাপদ ঘোষ বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগ ২০০৩ সালে ৭৫ মিটার লম্বা ওই সেতু এলজিইডির কাছে হস্তান্তর করেছে। সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এর প্লেটগুলো। আমরা গত বছর কিছু অংশ মেরামত করেছি। কিন্তু মেরামতের অযোগ্য হওয়ায় এটি পরিত্যক্ত ঘোষণা করে ভারী ও হালকা যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে সেতুর সামনে ঝুঁকিপূর্ণ সেতু হিসাবে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা সেখানে ৯০ মিটার সেতু করার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। মাটি পরীক্ষাসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছি। এটি করতে আনুমানিক ব্যয় হবে দুই কোটি টাকা।’