সেতু নয়, যেন মরণফাঁদ
কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের ঝিনাইদহ সদরের বাঘমারা সেতুর এক পাশের রেলিংয়ের কিছু অংশ ভেঙে গেছে দুই বছর আগে। আজও ওই ভাঙা অংশ সংস্কার করা হয়নি। গত কয়েক মাসে ওই অংশ দিয়ে খাদে পড়ে গিয়ে দুজন নিহত ও অনেক লোক আহত হয়েছে। অবস্থা এতই ভয়াবহ যে চালক একটু অসেচতন হলেই যেকোনো যানবাহন ওই ভাঙা অংশ দিয়ে খাদে পড়ে যাবে। এতে সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ঝিনাইদহ কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের কাছে আরাবপুর এলাকার বাঘমারা খালের ওপর আশির দশকে বাঘমারা সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৭৫ ফুট ও প্রস্থ ২৭ ফুট। এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে।এলাকাবাসী জানান, এ সেতুর ওপর দিয়ে রাজশাহী, বগুড়া, নাটোর, পাবনা, পঞ্চগড়, রংপুর, নওগাঁ, কুড়িগ্রাম, দিনাজপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, খুলনাসহ বেশ কয়েকটি জেলার দূরপাল্লার যানবাহন চলাচল করে। কয়েক বছর আগে এই মহাসড়কের প্রস্থ বাড়ানো হলেও বাঘমারা সেতুটির প্রস্থ বাড়ানো হয়নি। এ কারণে একসঙ্গে একাধিক যানবাহন সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারে না। অনেক সময় যানবাহনের ধাক্কায় এর রেলিং ক্ষতিগ্রস্ত হয়। বছর দুই আগে এমনই একটি দুর্ঘটনায় সেতুটির রেলিং ভেঙে যায়।বাঘমারা সেতু এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, আনুমানিক ছয় মাস আগে রেলিংয়ের ভাঙা অংশ দিয়ে একটি ট্রাক পাশের খাদে পড়ে গেলে দুজন নিহত হন। এ ছাড়া গত দুই বছরে বেশ কয়েকটি বাইসাইকেল ও বেবিট্যাক্সি নিচে পড়ে গিয়ে অনেক যাত্রী আহত হয়েছেন। কয়েক মাস আগে এলাকার লোকজন সতর্ক করার জন্য এখানে একটি বাঁশের ওপর লাল কাপড় বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেই লাল কাপড় এখন আর নেই।মাইক্রোবাসের চালক আবু বক্কর সিদ্দিক বলেন, মহাসড়ক হওয়ায় এর ওপর দিয়ে অধিকাংশ গাড়ি দ্রুতগতিতে চলাচল করে। কিন্তু সেতুর রেলিং ভাঙা থাকায় তাঁরা সব সময় ঝুঁকির মধ্যে থাকেন।সওজের ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান হোসেন জানান, ঢাকা-কুষ্টিয়া সড়কের রাজবাড়ীর দৌলতদিয়া থেকে কুষ্টিয়া পর্যন্ত সংস্কারের জন্য ঢাকার সড়ক ভবনে ইতিমধ্যে দরপত্র জমা দেওয়া হয়েছে। সড়কটি সংস্কারের সময় বাঘমারা সেতুর রেলিংও সংস্কার করা হতে পারে।