সেতু নয়, ১০ বছরে খালের দুই পাশে হলো দুটি দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার লামারবাজারসংলগ্ন কায়ুকখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ ১০ বছরেও শেষ হয়নি।এলাকাবাসী জানায়, পৌরসভার বড়বাজার ও টেকনাফ থানাকে ঘিরে রেখেছে কায়ুকখালী খাল। এই খালের ওপর দুটি পাকা সেতু রয়েছে। এর একটি পুরোনো বাস স্টেশনের আগে, আরেকটি অলিয়াবাদ জিরো পয়েন্টের পাশে। সেতু দুটির ওপর বাড়তি চাপ পড়ায় স্থানীয় জনসাধারণের চাহিদা বিবেচনা করে সরকার এ দুটি সেতুর মাঝখানে আরেকটি সেতু তৈরির উদ্যোগ নেয়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০০১ সালে নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় খালের ওপর নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। লামারবাজার জামে মসজিদের পাশ দিয়ে পূর্ব-পশ্চিমে লম্বা এ সেতু তৈরির কথা ছিল। সে সময় ৩০ লাখ টাকার এ প্রকল্পের নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শহিদ এন্টারপ্রাইজ। তারা খালের দুই প্রান্তে বড় দুটি দেয়াল তৈরি করে। পরে হঠাৎ কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরপর ২০০৪-০৫ অর্থবছরে দরপত্র আহ্বান করার পর নির্দিষ্ট সময়ে কাজ শুরু না করায় সেটিও বাতিল হয়ে যায়।সূত্র জানায়, ২০০৭-০৮ অর্থবছরের শেষের দিকে তৃতীয়বারের মতো ৭০ লাখ ১৬ হাজার ৭৮৫ টাকার দরপত্র আহ্বান করলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চকোরি ডকুমেন্টারি সোসাইটি কাজ পায়। কিন্তু নিদিষ্ট সময়ে সেতুর নির্মাণকাজ শুরু না করায় সেটিও বাতিল করা হয়।লামারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাহের মিয়া ও বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ২০০১ সালের শেষের দিকে সেতুর নির্মাণকাজ শুরু হয়। প্রথমে জমি নিয়ে জটিলতার কারণে কাজ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হলেও সরকার পরিবর্তনের পর তা আবার থমকে যায়। গত ১০ বছরে শুধু দুই পাশে দুটি বড় দেয়াল তৈরি করা হয়েছে।মেসার্স চকোরি ডকুমেন্টারি সোসাইটি সাব-ঠিকাদার মোহাম্মদ কায়সার উদ্দিন বলেন, কাজ বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু করতে বালু ও ইট মজুদ রাখা হয়েছিল। জমির অধিগ্রহণ-প্রক্রিয়া শেষ না হওয়ায় এবং তাঁরা নিদিষ্ট সময়ে কাজ শুরু না করায় প্রকল্পটি বাতিল করে দেয় এলজিইডি।টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসলাম বলেন, সেতুটি তৈরি হলে পৌর এলাকার মানুষের নানা সুবিধা হতো। সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় সংযোগ-সড়কের উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।এ ব্যাপারে টেকনাফের এলজিইডির প্রকৌশলী মো. আমিন উল্লাহ বলেন, সেতুর নকশা, বাজেট ও বরাদ্দে পরিবর্তন আনা হয়েছে। প্রথমে ইস্পাতের তৈরি সেতুর অনুমোদন থাকলেও বর্তমানে তা পাকা করার সিদ্ধান্ত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চতুর্থবারের মতোই নতুন করে দরপত্র আহ্বান করা হবে।