সেতু নয়, যেন মরণ ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলীতে আলী বন্দর খালের ওপর নির্মিত সেতুটির ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বরগুনার তালতলীতে আলী বন্দর খালের ওপর নির্মিত সেতুটির ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বরগুনার তালতলী উপজেলার আলীর বন্দর খালের ওপর লোহার সেতুটির বিভিন্ন স্থানে ঢালাই ভেঙে গেছে। এ ছাড়া সেতুটির খুঁটি ও রেলিং ভেঙে যাওয়ায় সংলগ্ন ১০টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ মারাত্মক ঝুঁকি নিয়ে এটি পারাপার হচ্ছে।
এলাকার কয়েকজন জানান, এই সেতুর ওপর দিয়ে তাদের উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। সেতুটির ঢালাইয়ের পাশাপাশি খুঁটি ও রেলিং ভেঙে যাওয়ায় যেকোনো মুহূর্তে এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তালতলী উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ২০০০ সালে উপজেলার আলীর বন্দর এলাকার গোড়ার খালের ওপর এলজিইডির অর্থায়নে এ সেতুটি নির্মাণ করা হয়। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে সেতুটি ক্ষতিগ্রস্ত হলে ওই সময় তা সংস্কার করা হয়।
তবে ভুক্তভোগীদের অভিযোগ, সিডরের পর যেনতেনভাবে সংস্কার করায় কিছুদিনের মধ্যে সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
১৬ জুন সরেজমিনে দেখা যায়, সেতুটির ঠিক মাঝ বরাবর প্রায় ১০ থেকে ১২ ফুট অংশ ভেঙে গেছে। এ ছাড়া দক্ষিণ প্রান্তে আরও তিনটি স্থানে একইভাবে ঢালাই ভেঙে যাওয়ায় সেখানে কাঠের তক্তা বিছিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন লোকজন পারাপার হচ্ছে।
একইভাবে সেতুটির লোহার খুঁটি ও রেলিং ভেঙে এবং বেঁকে যাওয়ায় সেতুটি নড়বড়ে হয়ে পড়েছে। এর ওপর দিয়ে মোটরসাইকেল, টেম্পো, রিকশা, ভ্যান, পিকআপ যাতায়াত করছে প্রতিনিয়ত। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আলীর বন্দর গ্রামের বাসিন্দা নুরুল হক খান বলেন, এই সেতুর ওপর দিয়ে তালতলী উপজেলার শারিকখালী, কাসিনখালী, ঝাড়াখালী, দক্ষিণ ঝাড়াখালী, উত্তর ঝাড়াখালী, চাউলাপাড়া, আঙ্গারপাড়া, নলবুনিয়া ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া, দক্ষিণ চাকামইয়া এই ১০টি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ চলাচল করে।
সেতুটি নড়বড়ে হয়ে যাওয়ায় পরও এর ওপর দিয়ে প্রতিদিন মোটরসাইকেলসহ যাত্রীবাহী টেম্পো ও অন্যান্য যানবাহন যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় মোটরসাইকেলচালক ওমর ফারুক ও মামুন মিয়া বলেন, মোটরসাইকেল নিয়ে সেতুর ওপর উঠলেই এটি দুলতে থাকে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তালতলী উপজেলা প্রকৌশলী তৈয়বুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটির অবস্থা খুবই বেহাল। উপজেলা প্রকৌশলী জানান, শিগগিরই ওই খালের ওপর নতুন করে একটি পাকা (আরসিসি) সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলেই দ্রুত এর নির্মাণকাজ আরম্ভ করা হবে।