সেতু নয় যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুটির এক পাশের রেলিংয়ের একটি অংশ পাঁচ বছর ধরে ভাঙা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই অংশ সংস্কার করেনি। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। গত ৪ অক্টোবরও এই সেতুর রেলিংয়ের ভাঙা অংশ দিয়ে একটি মোটরসাইকেল পড়ে গেলে এক কলেজছাত্রী নিহত হন। গত কয়েক বছরে এই সেতুতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার সুজাবাদ খালের ওপর ১৯৮৯ সালে ফটকি সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুর দৈর্ঘ্য ৩৩ ফুট ও প্রস্থ ২৪ ফুট। এলাকাবাসী জানান, ওই সেতু দিয়ে প্রতিদিন বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নওগাঁ, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার কয়েক শ যানবাহন চলাচল করে। সময়ের ব্যবধানে এই মহাসড়কের প্রস্থ বাড়ানো হলেও সেতুটির প্রস্থ বাড়ানো হয়নি। এ কারণে সরু থাকায় একসঙ্গে সেতুর ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করতে পারে না। অনেক সময় পাশ কাটাতে গিয়ে (ওভারটেক) রেলিং ভেঙে বাস বা অন্য যানবাহন খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। পাঁচ বছর আগে এ রকম একটি দুর্ঘটনায় রেলিং ভেঙে যায়। আজও ওই অংশ সংস্কার না করায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সেতুটিতে রেলিং না থাকার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল রেলিংয়ের ভাঙা অংশ দিয়ে নিচে পড়ে গেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে গাছের ডালে লাল কাপড় বেঁধে সংকেত দেওয়ার ব্যবস্থা করলেও সেই কাপড় এখন আর নেই। মাইক্রোবাস চালক মোজাফ্ফর হোসেন বলেন, এই সড়ক দিয়ে রাতে বেশি যানবাহন চলাচল করে। তাই দিনের চেয়ে রাতে দুর্ঘটনার ঝুঁকি থাকে বেশি। তিনি আরও বলেন, গত ৪ অক্টোবর বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী রোমানা খাতুন (২৫) তাঁর বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে কলেজ ক্যাম্পাসে যাচ্ছিলেন। এই সেতু পার হওয়ার সময় মোটরসাইকেলটি রেলিংয়ের ভাঙা অংশ দিয়ে নিচে খাদে পড়ে যায়। এতে রোমানা নিহত ও তাঁর ভাই আহত হন। সওজের বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, সেতুর রেলিং না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অর্থ বরাদ্দ না থাকায় তা সংস্কার করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে সেতুটি সংস্কার করা হবে।