সেতু পার হতেই ঘণ্টার পর ঘণ্টা

গৌরীপুর-হোমনা সড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারসংলগ্ন গোমতী নদীর ওপর নির্মিত অপ্রশস্ত বেইলি সেতুর কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা। সেতুটি এতটাই অপ্রশস্ত যে একই সময় এক পাশের গাড়ি সেতুটি পার হতে পারে। আর তখন অপর পাশের যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।
এক পাশের গাড়ি পার হওয়ার সময়ও গাড়ি বড় আকারের হলে যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি পথচারীরাও সেতু পারাপারে ভোগান্তির শিকার হয়। রোববার সেতু এলাকায় সাপ্তাহিক হাট বসে। ওই দিন যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা কার্যালয় থেকে জানা গেছে, ঢাকা ও কুমিল্লার সঙ্গে তিতাস, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার সড়ক যোগাযোগ গড়ে তোলার জন্য ১৯৮০ সালে গোমতী নদীর ওপর ৩৭০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের ওই বেইলি সেতু নির্মাণ করা হয়। বর্তমানে প্রতিদিন কয়েক শ গাড়ি ওই সেতু দিয়ে চলাচল করে।
এলাকাবাসী জানান, ২০১১ সালের বর্ষা মৌসুমে সেতু দিয়ে হেঁটে পার হওয়ার সময় একটি যানকে পাশ দিতে গিয়ে সেতু থেকে নদীতে পড়ে মারা যান তিতাসের শোলাকান্দি গ্রামের খাদিজা আক্তার (২২)। এ ছাড়া গত কয়েক বছরে যানবাহনকে পাশ দিতে গিয়ে বিভিন্নভাবে আরও কয়েকজন পথচারী গুরুতর আহত হয় বলে এলাকাবাসী জানান।
এলাকাবাসী দাবি করেন, ২০১০ সালের ৭ নভেম্বর তিতাস উপজেলার শোলাকান্দিতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা কমপ্লেক্সের মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোমতী নদীর ওপর একটি প্রশস্ত সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু আজ পর্যন্ত এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
হোমনার বুরবুরিয়া গ্রামে বিয়ে করেছেন সেলিম মিয়া। সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানান, স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে সেতু এলাকায় এসে যানজটে আটকা পড়েন তিনি। এক ঘণ্টা গাড়িতে বসে থাকার পর হেঁটে দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।
দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের ছাত্রী রাবেয়া ও প্রীতি জানায়, জীবনের ঝুঁকি নিয়ে তাদের সেতুটি পার হতে হয়। সেতুর ওপর যানবাহন আটকে গেলে দুপাশ দিয়ে হাঁটার জায়গা থাকে না। নদী পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় সেতু এলাকায় এসে মুমূর্ষু রোগী নিয়ে আটকা পড়লে অসহায় হয়ে পড়তে হয়।
দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামাল উদ্দিন এবং তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, সেতুটি পার হয়ে কর্মস্থলে আসা-যাওয়া করতে তাঁদের প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
এ ব্যাপারে সওজের দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপবিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক বলেন, গোমতী নদীতে সেতু নির্মাণের প্রস্তাবিত বাজেট পরিকল্পনা কমিশনে অনুমোদন হয়ে গেছে।