সেতু পুনর্নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকিতে ভাড়ানী খালের ওপর ভেঙে পড়া লোহার সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার মানুষ লেবুখালী নতুন বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে তীব্র স্রোতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোহার সেতুটির মাঝ বরাবর ভেঙে পড়ে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে খালের দুই পারের মানুষের যোগাযোগব্যবস্থা। এ ছাড়া লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ও লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
সেতু পুনর্নির্মাণের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী গতকাল সকাল ১০টার দিকে লেবুখালী নতুন বাজার এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে লেবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী এই সেতু পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করেন। সেতুটি ভেঙে পড়ায় এখন তাঁদের প্রায় তিন কিলোমিটার ঘুরে পাগলা সেতু পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাবে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরও বক্তব্য দেন লেবুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার সিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ প্যাদা প্রমুখ।
দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের ভোগান্তি লাঘবে সেতুটি পুনর্নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
এলজিইডি পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ প্রথম আলোকে বলেন, সেতুটি এমনিতেই পুরোনো ছিল। এ ছাড়া প্রবল স্রোতে ওই স্থানে এই ধরনের লোহার সেতু নির্মাণ করা কঠিন। তাই ওই স্থানে বিকল্প হিসেবে বেইলি সেতু নির্মাণের চিন্তাভাবনা রয়েছে।