সেতু পেয়ে মানুষের উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর-আলীপুর এলাকার শিববাড়িয়া নদীর ওপর নির্মিত শহীদ শেখ রাসেল সেতুটি গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরই সেতু এলাকায় অবস্থান করা শত শত লোক আনন্দে মেতে ওঠে।
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণ করা সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুও একই দিনে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী ও কলাপাড়া: বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ শেখ রাসেল সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) আলাউদ্দিন ফকির, সাংসদ রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক আফজাল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়নে ২০১০ সালের ৬ মে বরগুনা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সমাবেশে পটুয়াখালী-কলাপাড়া-কুয়াকাটা ৭০ কিলোমিটার সড়কে তিনটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কলাপাড়া সফরে এসে সেতু তিনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পটুয়াখালী-কলাপাড়া-কুয়াকাটা সড়কে নির্মিত এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২৪ কোটি ৮৩ লাখ টাকা।
সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে সেতু এলাকায় অবস্থান করা মহিপুর, আলীপুর এবং কুয়াকাটার শত শত মানুষের স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে কুয়াকাটায় আগত পর্যটকেরাও স্থানীয়দের সঙ্গে আনন্দ-উৎসবে যোগ দেন।
আবদুর রহমান নামের এক যুবক বলেন, ‘মোগো ভাগ্য খুইল্ল্যা গ্যাছে, এ্যাহন আর ফেরির লাইগ্যা ঝামেলা পোহাইতে অইবে না।’
শরীয়তপুর: বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন ঘোষণা করার পর দুপুর ১২টার দিকে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এ উপলক্ষে মাদারীপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে কথা বলেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, সদর উপজেলার কাজীরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় ৭০০ মিটার দীর্ঘ সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি নির্মাণ করা হয়। আনহুই কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি নামে একটি চীনা প্রতিষ্ঠান ২০১৩ সালের মার্চ মাসে এর নির্মাণকাজ শুরু করে। প্রকল্পটিতে ২৯৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে ২০০ কোটি ১৮ লাখ ৩৬ হাজার টাকা চীন সরকার দিয়েছে। বাকি ৯৪ কোটি ১১ লাখ টাকার জোগান দিয়েছে বাংলাদেশ সরকার।