সেতু বেচলেন ইউপি সদস্য
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের কাটাখালী মহসিন সড়কে সোনাইছড়ি খালের ওপর গ্রামবাসীর টাকা ও স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠের সেতু বিক্রি করে দিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মুছা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে গ্রামবাসী ১৮ জুলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউনিয়নের ছৈয়দনগর, কাটাখালী ও মধ্যপারুয়া গ্রামের প্রায় চার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা কাটাখালী মহসিন সড়ক। এই সড়কে সোনাইছড়ি খালের ওপর সেতু না থাকায় এলাকাবাসী সর্বশেষ ২০০৪ সালে নিজেদের টাকায় ও স্বেচ্ছাশ্রমে প্রায় ৩৫ হাত দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করেন। এতে ব্যয় হয় প্রায় তিন লাখ টাকা। ২০০৮ সালে খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত একটি পাকা সেতু গত মাসের মাঝামাঝি সময়ে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফলে কাঠের সেতু দিয়ে লোকজন চলাচল বন্ধ করে দেন। মধ্যপারুয়া গ্রামের আমিনুর রহমান, আবদুল গফুর ও রফিকুল ইসলামসহ অনেকেই বলেন, ইউপি সদস্য মো. মুছা তাঁর ঘনিষ্ঠ সহযোগী কাঠ ব্যবসায়ী আবদুল মোতালেবের কাছে মাত্র সাড়ে তিন হাজার টাকায় সেতুটি বিক্রি করে দেন। অথচ নিলামে বিক্রি করলে সেতুটি অর্ধলাখ টাকারও বেশি দাম পাওয়া যেত। আবদুল মোতালেব ১৬ জুলাই কয়েকজন লোক নিয়ে সেতুর কাঠ খুলে নিয়ে যান। ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সত্তার বলেন, এলাকাবাসীর টাকা ও স্বেচ্ছাশ্রমে নির্মিত সেতু কোনো ইউপি সদস্য বিক্রি করতে পারেন না। এ ব্যাপারে মুঠোফোনে মুছা বলেন, ‘সোনাইছড়ি খালে পাকা সেতু হওয়ায় কাঠের সেতুটি অকেজো হয়ে পড়ে। এটি নষ্ট হওয়ার আগে আমি বিক্রি করে দিই। সাড়ে তিন হাজার টাকায় সেতুটি বিক্রির কথা স্বীকার করে তিনি বলেন, যদি প্রকৃতই এলাকাবাসীর টাকা ও স্বেচ্ছাশ্রমে সেতুটি নির্মিত হয়ে থাকে, তাহলে সেতুটি আগের মতো করে বেঁধে দেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, ওই ইউপি সদস্যকে সেতুটি আগের মতো তৈরি করে দিতে বলা হয়েছে। না করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।