সেতু ভাঙা, শরীয়তপুরে দুটি সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলার পালং-গয়াতলা সড়কের কীর্তিনাশা নদীতে সেতু ভাঙা থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকির মধ্যে সাঁকো দিয়ে মানুষ পারাপার হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুর সদর উপজেলার পালং-গয়াতলা সড়কের কীর্তিনাশা নদীতে সেতু ভাঙা থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকির মধ্যে সাঁকো দিয়ে মানুষ পারাপার হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

শরীয়তপুর সদর উপজেলার পালং-গয়াতলা ও নড়িয়া উপজেলার নড়িয়া-জাজিরা সড়কের কীতির্নাশা নদীর ওপর দুটি সেতু ভাঙা থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ সড়ক দুটির যাত্রীরা চরম দুর্ভোগে পোহাচ্ছেন।
গত ১ অক্টোবর নদীভাঙনের কারণে কীর্তিনাশা নদীর ওপর নির্মিত পালং-গয়াতলা সড়কের রাজগঞ্জ সেতুটির একটি অংশ ধসে পড়ে। নড়িয়া-জাজিরা সড়কের নড়িয়া কীর্তিনাশা নদীর ওপর সেতুটির এক প্রান্তে ফাটল সৃষ্টি হওয়ায় গত জুন থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, শরীয়তপুর শহর থেকে মাদারীপুরের শিবচর উপজেলা সদরে যাতায়াতের জন্য ২০০৮ সালে পালং-গয়াতলা সড়কের রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশার ওপর ১০৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয় ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে। কীর্তিনাশায় পানি বেড়ে হঠাৎ সেতুর আড়িগাঁও পাড়ে ভাঙন শুরু হয়। ভাঙনে ১০ মিটার জায়গা ধসে পড়েছে।
নড়িয়া উপজেলা সদর থেকে জাজিরা উপজেলার ওপর হয়ে ঢাকায় যাতায়াতের জন্য ১৯৯৬ সালে নড়িয়া উপজেলা সদরে কীর্তিনাশা নদীতে ৩ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করে এলজিইডি। গত বছরের জুলাইয়ে সেতুটির নড়িয়া উপজেলা সদরের প্রান্তে ফাটল দেখা দেয়। আস্তে আস্তে ফাটলটি বড় হতে থাকলে গত জুনে সেতুটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুতে যাতে গাড়ি না উঠতে পারে সে জন্য দুই প্রান্তে সড়কের মাঝে লোহার পিলার লাগিয়ে দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। বর্তমানে সেতুটি বন্ধ থাকার কারণে ওই সড়কের যানবাহনগুলোকে শরীয়তপুর সদর হয়ে ২০ কিলোমিটার ঘুরে জাজিরা ও ঢাকার পথে যাতায়াত করতে হচ্ছে।
শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, নড়িয়া ও রাজগঞ্জ এলাকার কীর্তিনাশা নদীর সেতু দুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। নড়িয়া নদীতে একটি নতুন সেতু নির্মাণ করা হবে। প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলেই কাজ শুরু হবে।