সেতু ভাঙায় নড়াইলের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন
অবশেষে নড়াইল-যশোর সড়কের ঝুঁকিপূর্ণ সীতারামপুর সেতুটির পাটাতন ভেঙে সারা দেশের সঙ্গে নড়াইলের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরবোঝাই একটি ট্রাক সেতুর ওপর উঠলেই পাটাতন ভেঙে প্রচণ্ড শব্দে সেতুর পশ্চিমাংশের রেলিং ভেঙে পড়ে। এতে ট্রাকটিও খাদে পড়ে যায়। ফলে আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় জেলার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগব্যবস্থা। গত বছর ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘১২ কিলোমিটারে আটটি সেতু ও কালভার্ট ঝুঁকিপূর্ণ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেতুর লোহার থামগুলো নড়বড়ে হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় পার্শ্বদেয়াল মূল অবকাঠামো থেকে দূরে সরে গেছে। দুই পারে শত শত গাড়ির ভিড়। যাত্রীরা ভোগান্তিতে। নড়াইল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, পাঁচ টন ধারণক্ষমতাসম্পন্ন এ সেতু লোহার থামের ওপর ১৯৫০ সালে নির্মাণ করা হয়। স্থানীয় সীতারামপুর গ্রামের মৎস্যজীবী সুকুমার বিশ্বাস জানান, ভারী যানবাহন উঠলেই সেতু দুলতে থাকে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সওজ অনেক আগেই সতর্কীকরণ সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এর পরও সেতুর ওপর দিয়ে বাস-ট্রাকসহ অন্যান্য যান চলাচল অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হোসেন ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন প্রকৌশলীরা সেতুটি পরিদর্শন করেছেন। নড়াইল সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, ২৪ ঘণ্টার মধ্যে সড়কটি চালুর সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।