সেতু ভেঙে কাভার্ড ভ্যান পানিতে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওড়াখালী এলাকায় একটি সেতু ভেঙে সিমেন্টভর্তি একটি কাভার্ড ভ্যান পানিতে পড়ে গেছে। এতে চালক গুরুতর আহত হয়েছেন। কালীগঞ্জ থেকে গাজীপুর শহরে যাওয়ার পথে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার এলাকার পাকা সেতুটি সাত বছর ধরে মেরামত করা হয়নি। অথচ ৭০-৮০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি ইউনিয়নের ব্যস্ততম সড়কে পড়েছে। সেতুর মাঝে বড় গর্ত ছিল। এর রেলিংও ভাঙা ছিল। এ অবস্থাতেই ঝুঁকি নিয়ে হালকা যান চলাচল করত। চলতি বছরের মাঝামাঝি সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে গাজীপুর সদর থেকে ৪০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি কাভার্ড ভ্যান নরসিংদী সদরে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি সেতুর কাছাকাছি পৌঁছালে স্থানীয় ব্যক্তিরা ভ্যানটি সেতুতে উঠত বাধা দেন। বাধা উপেক্ষা করে কাভার্ড ভ্যানটি সেতুতে ওঠার সঙ্গে সঙ্গে রেলিং ভেঙে নিচে পানিতে পড়ে যায়। এ সময় চালক আহত হন। স্থানীয় ব্যক্তিরা চালককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চালকের নাম সোহেল ও তাঁর বাবার নাম শাহাবউদ্দিন বলে জানা গেছে। তাঁর ঠিকানা জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. মুশফিকুর রহমান বলেন, তিনি এখানে নতুন। তবে তিনি যত দূর জানেন, সেতুর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর থেকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে।