সেতু ভেঙে কালভার্ট!
উন্নয়নের নামে খালের ওপর থাকা বড় সেতু ভেঙে বক্স-কালভার্ট নির্মাণ করছে বরিশাল সিটি করপোরেশন। এতে বরিশালের সাধারণ মানুষ ও বিশিষ্ট নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সিটি করপোরেশন নগরের অবশিষ্ট খালটিও ভরাটের জন্য এ উদ্যোগ নিয়েছে। তাঁরা অবিলম্বে বক্স-কালভার্টের পরিবর্তে ওই এলাকায় আগের মতো সেতু নির্মাণের দাবি জানান।সিটি করপোরেশন সূত্র জানায়, জেল খালের নাজির মহল্লায় আগে কংক্রিটের একটি সেতু ছিল। বর্তমান প্রকল্পে সেতুর পরিবর্তে বক্স-কালভার্ট করার পরিকল্পনা নেওয়া হয়। কালভার্টে খরচ কম হওয়ায় ওই প্রকল্প করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেল খালের প্রশস্ত ছিল ৭০ ফুট। দখল ও ভরাটে বর্তমানে কীর্তনখোলা নদীর মোহনা থেকে শুরু করে সর্বত্র খালটি ২৭ ফুট চওড়ায় এসে দাঁড়িয়েছে। একই সঙ্গে নাজির মহল্লায় কালভার্টের জন্য সেতু ভেঙে খাল ভরাট করা হয়েছে। এতে ওই স্থানে খালটির প্রশস্ততা এসে ১৮ ফুটে ঠেকেছে। এখানে খালের ওপর ১৬ ফুট উচ্চতার সেতু ছিল। সেই সেতু ভেঙে এখন পার্শ্বসড়ক থেকে মাত্র দুই ফুট উঁচুতে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, সংযোগ সড়ক বাদে সেতুটি ছিল ২৯ ফুট দীর্ঘ। আর কালভার্টটি দুই পাশে সংযোগ সড়কসহ ২২ ফুট চওড়া হবে।বরিশালের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন প্রথম আলোকে বলেন, নগরে একসময় অর্ধশতাধিক খাল ছিল। যার মাধ্যমে নগরের ময়লা-আবর্জনা ও বর্ষার পানি নিষ্কাশন হতো। আধুনিক নগরায়ণের অজুহাতে প্রায় সব খালই ভরাট করা হয়েছে। হাতেগোনা দু-একটি খাল অবশিষ্ট রয়েছে। তা-ও নানাভাবে দখল ও ভরাট হওয়ায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এভাবে খাল ধ্বংস করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জেল খাল বন্ধ হয়ে গেলে বরিশাল মারা যাবে।প্রবীণ নাগরিক এস আলী মোহাম্মদ বলেন, খালের দুই পাড়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় এর অনেকাংশ ভরাট হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে, সেটুকু টিকিয়ে রাখা উচিত। এই খাল দিয়ে এখনো নৌকা ও ট্রলারে পণ্য পরিবহন করা হচ্ছে। উন্নয়নের নামে খালের ওপর থাকা একটি সেতু ভেঙে নতুনভাবে নির্মাণের পরিবর্তে বক্স-কালভার্ট করায় নৌকা চলাচল যেমন বন্ধ হবে, তেমনি খালের নাব্যতা নষ্ট হবে।বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছর বরিশাল সিটি করপোরেশন জেল খাল রক্ষার জন্য খালে নৌ-শোভাযাত্রা করেছিল। আর আজ সেই খাল ধ্বংস করার জন্য সেতুর পরিবর্তে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে খালটি ভরাট হয়ে নর্দমায় পরিণত হবে। অনতিবিলম্বে বক্স-কালভার্টের ওই কাজ বন্ধ করে সেতু নির্মাণের দাবি জানান তিনি।বরিশাল নদী, খাল ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘আমরা ইতিমধ্যে কালভার্ট নির্মাণে বাধা দিয়েছি। তার পরও বন্ধ না হলে ওখানে জমায়েত করে প্রতিবাদ জানাব।’বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুল হক বলেন, খালের ওপর সেতু নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেওয়া হয়নি। ওইভাবে কালভার্ট নির্মাণে খালের জোয়ার-ভাটার প্রবাহ ব্যাহত হবে। এতে পরিবেশ হুমকির মুখে পড়বে।বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ওখানে সেতুর প্রকল্প করা হয়নি। বক্স-কালভার্ট এর চেয়ে বড় করা সম্ভব নয়। সেতু নির্মাণ করলে এর চেয়ে চার গুণ খরচ হতো। তবে জোয়ার-ভাটার সময় পানি প্রবাহে সমস্যা হবে না বলে জানান তিনি।