সেতু ভেঙে কালভার্ট নির্মাণের চেষ্টা
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সেতু ভেঙে ইট-রড নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে সেখানে ছোট আকারের কালভার্ট নির্মাণের চেষ্টা করা হলে এলাকাবাসীর বাধায় সেই কাজ বন্ধ রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, কালভার্ট নির্মাণ করা হলে উজানে জলাবদ্ধতা বাড়বে এবং সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, মাড়েয়া বামনহাট ইউনিয়নের বছিরপ্রধান হাট-পঞ্চগড়-দেবীগঞ্জ পাকা সড়কের খালপাড়ায় ১৪ ফুট প্রস্থ ও ১৮ ফুট দৈর্ঘ্যের একটি সচল সেতু ছিল। গত মার্চ মাসে ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন প্রধান লোকজন নিয়ে এসে সেতুর ইট ও রড খুলতে শুরু করেন। এলাকাবাসী কারণ জানতে চাইলে তিনি সেখানে নতুন সেতু হবে বলে জানান। গত মাসে সেখানে মাত্র তিন ফুট প্রস্থ ও আট ফুট দৈর্ঘ্যের কালভার্ট নির্মাণের কাজ শুরু করতে গেলে এলাকাবাসী বাধা দেয়।এলাকার মো. গমির আলী, শফিকুল ইসলাম ও মহেন্দ্রনাথ বর্মণ বলেন, কালভার্ট হলে উজানে জলাবদ্ধতা হবে, এমনকি পানির চাপে সড়ক ভেঙে যেতে পারে। এ কারণে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে যেমন সমস্যা হবে, তেমনি উজানে আমন চাষেও সমস্যায় পড়বেন কৃষক।মো. রুহুল আমিন প্রধান কিছু ইট ও রড নিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, আগে ছয় ফুটের সেতুটি ছিল চলাচলের অযোগ্য। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এখানে তিন লাখ ছয় হাজার টাকায় আট ফুটের একটি কালভার্ট নির্মাণ শুরু করা হয়। কিন্তু এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ রাখা হয়েছে।বোদার ইউএনও মো. জহুরুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।