সেতু ভেঙে খালে গৃহবধূর মৃত্যু, শিশু নিখোঁজ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের মালিখাল এলাকায় সেতু ভেঙে নদীতে পড়ে এক গৃহবধূ নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে। এ সময় নদীতে পড়ে যাওয়া এক শিশু নিখোঁজ হয়। আহতদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম অর্চনা রানী (৪০)। তিনি ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার গৌতম কর্মকারের স্ত্রী। নিখোঁজ হওয়া শিশুটির নাম নয়ন (দেড় বছর)। সে একই এলাকার জীবন মালাকারের ছেলে।
ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুস্তুম আলী জানান, সম্প্রতি উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার সুনীল মালাকারের মেয়ে ঝুমুরের পটুয়াখালীতে বিয়ে হয়। এ উপলক্ষে কনের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সকাল নয়টার দিকে কনের বাড়ি থেকে বরযাত্রীরা পটুয়াখালী যাচ্ছিলেন। পথে মালিখাল এলাকায় লোহার একটি জরাজীর্ণ সেতু পার হওয়ার সময় তা ভেঙে খালে পড়ে যায়। এতে বরযাত্রীদের এগিয়ে দিতে আসা উপজেলার শিয়ালকাঠি এলাকার অর্চনা রানী মারা যান এবং কনক রানী, দিপালী রানী, সীমা রানী ও পরিমল মালাকার আহত হন। আহতদের মধ্যে পরিমল মালাকারের অবস্থা আশঙ্কাজনক।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য ভান্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা চেষ্টা চালাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রশীদ জানান, অর্চনা রানীর সৎকারের জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এ ছাড়া নিখোঁজ শিশুর পরিবারকে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।