সেতু ভেঙে চরের সাত গ্রামের মানুষের দুর্ভোগ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের সাতটি গ্রাম পদ্মার মধ্যচরে পড়েছে। পদ্মার একটি খালের ওপর নির্মিত সেতু দিয়ে সাত গ্রামের মানুষ চরের বিভিন্ন স্থানে যাওয়া-আসা করত। বছর খানেক আগে পদ্মার স্রোতে সেতুটি ভেঙে যায়। এরপর থেকে চরের বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, মুন্সিগঞ্জ সদর থেকে দিঘিরপাড়ের মধ্যচরে যেতে প্রথমে সড়কপথে দিঘিরপাড় বাজারে যেতে হয়, এরপর খেয়া নৌকায় পদ্মা পাড়ি দিয়ে যেতে হয় মধ্যচরে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, প্রায় ৩০ বছর আগে পদ্মার ভাঙনে গোটা চর বিলীন হয়ে যায়। ১৫-১৬ বছর আগে চরটি আবার জেগে ওঠে। এই চরে দিঘিরপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাথকচর, সরিষাবন ও ধানকোরা এবং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাখি, কান্দিরবাড়ি, বেহেরপাড়া ও বাহেরক গ্রাম রয়েছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, মধ্যচরে স্থানীয় যুবকেরা মোটরসাইকেল নিয়ে বসে আছেন। খেয়া পার হলেই লোকজনকে নিয়ে তাঁরা বাংলাবাজারের পথে বা চরের ভেতরে অন্যান্য গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন। সড়কের কিছু অংশ ইট বিছানো। বাকিটা মেঠো পথ। কিছু দূর যাওয়ার পর চোখে পড়ে চরের খালের ওপর নির্মিত সেতুটি ভাঙা। ভাঙা সেতুর পাশে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে যাতায়াত সচল রাখা হয়েছে।
মোটরসাইকেলচালক মো. মনির হোসেন বলেন, দুই বছর আগে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। এর এক বছর পর সেতুটি পদ্মার প্রবল স্রোতে ভেঙে যায়। সেতুর ওপর দিয়ে রিকশা, ভটভটি, থ্রি হুইলার—সবই চলত। সেতু ভেঙে পড়ায় বর্তমানে শুধু মোটরসাইকেল চলে।
দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর ইসলাম হাওলাদার বলেন, সেতুটি ভেঙে পড়ায় গ্রামের লোকজনের যাতায়াতে কষ্ট হচ্ছে। তবে নতুন সেতু নির্মাণের জন্য তিনি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল হক পাটোয়ারী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।