সেতু ভেঙে ট্রলি খালে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া বাজারসংলগ্ন লোহার সেতু ভেঙে পাথরবোঝাই একটি ট্রলি খালে পড়ে চালক মিরাজ হোসেন (২২) আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেতু ভেঙে পড়ায় এলাকার লোকজনকে সড়ক যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে পাথরবোঝাই কয়েকটি ট্রলি সেতু পার হচ্ছিল। এ সময় সেতুর মাঝের অংশ ভেঙে একটি ট্রলি খালে পড়ে যায়। এতে ট্রলিচালক মিরাজ আহত হন। সেতুটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতু ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে আমড়াগাছিয়া ইউনিয়ন বাজার ও কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার পর্যন্ত ট্রলিটি উদ্ধার করা যায়নি।
আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মিয়া বলেন, ইউনিয়নের ছয়টি গ্রাম ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য এই সেতুটির ওপর নির্ভরশীল। সেতুটি সংস্কারের জন্য জরুরিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
খেয়া নৌকার মাঝি মো. শাহজাহান বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত কয়েক হাজার মানুষকে খেয়া পারাপার করেছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মঠবাড়িয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হেমায়েত ইসলাম জানান, ১২৩ ফুট দীর্ঘ এই সেতুটি এলজিইডির অর্থায়নে ১৩ বছর আগে নির্মাণ করা হয়। দুই টন ধারণক্ষমতাসম্পন্ন সেতুটিতে আট টন ওজনের পাথরবোঝাই যান চলাচল করায় এটি ভেঙে পড়েছে। মাঝখানের অংশ ভেঙে পড়ায় নতুন করে সেতু নির্মাণ করতে হবে।
স্থানীয় সাংসদ মো. আনোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণের জন্য আমি দু-এক দিনের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র (ডিও) পাঠাব।’