সেতু ভেঙে ট্রাক খালে: দুর্ভোগে মাওয়াগামী মুন্সিগঞ্জের পাঁচ উপজেলার মানুষ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মুন্সিগঞ্জ-মাওয়া সংযোগ সড়কের বেইলি সেতুটি সিমেন্টবোঝাই ট্রাকসহ ভেঙে খালে পড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়ার ছাতি মসজিদ এলাকায় ওই ঘটনা ঘটে। এরপর থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসীর মতে, এই সেতুটি ভেঙে পড়ায় মুন্সিগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার মানুষ সড়কপথে সরাসরি মাওয়া ঘাটে যেতে পারছে না। এতে তাদের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি অন্যান্য কাজে চরম দুর্ভোগ পোহাতে হবে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বলছে, শুধু ট্রাকটি উদ্ধার করতেই কমপক্ষে পাঁচ দিন সময় লাগবে।
সকালে সরেজমিনে দেখা গেছে, সেতুটির প্রায় মাঝখানের অংশ পানিতে ভেঙে পড়ে আছে। সিমেন্ট ভর্তি ট্রাকটিও পানিতে ডুবে আছে। সেতুটির দুই পাশে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন এসে ফিরে যাচ্ছে। সেখানকার বাসিন্দারা বলছেন, প্রতিদিন ওই সড়ক দিয়ে লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সবজি বিক্রেতা গাজি ব্যাপারী বলেন, ‘ভোররাতে লৌহজং থেকে সবজি নিয়ে শ্রীনগর যাওয়ার উদ্দেশে রওনা দিই। এ সময় মুন্সিগঞ্জ থেকে লৌহজংমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতুর সামনে আসে। ট্রাকচালকের সহযোগী আমাকে সবজির গাড়ি থামাতে বলেন, তাঁরা ট্রাক নিয়ে সেতুতে ওঠে। ট্রাকটি সেতুর মাঝামাঝি স্থানে আসতেই তা বিকট শব্দে ভেঙে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।’
হলদিয়া এলাকার বাসিন্দা ঝিলু মিজান প্রথম আলোকে বলেন, মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, টঙ্গিবাড়ী, সিরাজদিখান ও লৌহজং উপজেলার মানুষকে মাওয়া ঘাটে এ পথ দিয়েই যেতে হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা আশরাফুজ্জামান শেখ বলেন, খবর পেয়ে সকালে ঘটনা স্থলে যাই। সেখানে আমাদের ডুবুরিরা তল্লাশি চালায়। তবে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজর রহমান দুপুরে ঘটনাস্থল থেকে বলেন, এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। সেতুর দুই পারে যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মুন্সিগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী তুহিন আল মামুন প্রথম আলোকে বলেন, সেতুটি ঝুঁকি পূর্ণ ছিল। সেতুর ওপর দিয়ে পাঁচ টন ওজন নিয়ে যানবাহন চলাচলের জন্য বলা হয়েছে। কিন্তু এ সেতু দিয়ে ধারণক্ষমতার অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচল করে। ১০ চাকার ওই ট্রাকটি মাত্রাতিরিক্ত ওজন নিয়ে সেতুটি পার হচ্ছিল। এ কারণে সেতুটি ভেঙে পড়ে।
তুহিন আল মামুন আরও বলেন, ট্রাকটির মালিক কে, তা নিশ্চিত করা যায়নি। ট্রাকটি উদ্ধার করতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগবে। এ বিষয়ে লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।