সেতু ভেঙে ট্রাক খালে, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া-ডাসার সড়কের মাগুরা মাদারীপুর নামক এলাকায় গত বৃহস্পতিবার বালুবাহী একটি ট্রাক সেতু ভেঙে খালে পড়ে যায়। ছবিটি শুক্রবার তোলা l প্রথম আলো
বরিশালের আগৈলঝাড়া-ডাসার সড়কের মাগুরা মাদারীপুর নামক এলাকায় গত বৃহস্পতিবার বালুবাহী একটি ট্রাক সেতু ভেঙে খালে পড়ে যায়। ছবিটি শুক্রবার তোলা l প্রথম আলো

বরিশালের আগৈলঝাড়া-ডাসার সড়কের মাগুরা-মাদারীপুর এলাকায় সেতু ভেঙে ট্রাক খালে পড়ার তিন দিন পরও সেটি উদ্ধার হয়নি। এতে বন্ধ হয়ে গেছে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের লক্ষাধিক মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের টানাপোড়েনে চলাচলের জন্য বিকল্প কোনো ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে না।
এলজিইডির স্থানীয় কার্যালয় সূত্রে জানা যায়, বরিশালের আগৈলঝাড়া উপজেলা ও পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের মধ্যে আগৈলঝাড়া-ডাসার সড়কে মাগুরা-মাদারীপুর নামক স্থানে ২০০৩-০৪ অর্থবছরে বরিশাল এলজিইডি ৭০ ফুট দীর্ঘ একটি আরসিসি আয়রন স্ট্রাকচারের সেতু নির্মাণ করে। এতে ব্যয় হয় প্রায় ৩২ লাখ টাকা। তবে এলাকাবাসীর অভিযোগ, এটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। লোহার কাঠামোর খুঁটিগুলো নকশার চেয়ে অনেক দুর্বল হয়েছিল। এতে শুরু থেকেই সেতুটি ঝুঁকির মধ্যে ছিল।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝের অংশের দুটি স্প্যান ভেঙে বালুবাহী একটি ট্রাক খালের মধ্যে পড়ে আছে। ট্রাকটির ইঞ্জিনসহ সামনের অংশ সেতুতে আটকে আছে, পেছনের অংশ পানিতে ডুবে রয়েছে। সেতুটি দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সেতু ভেঙে পড়ায় গৌরনদী উপজেলার খাঞ্জাপুর, মাগুরা-মাদারীপুর, টেমার ও ডুমুরিয়া; আগৈলঝাড়া উপজেলার রাজিহার, শিহিপাশা, বাশাইল ও বাহাদুরপুর এবং কালকিনি উপজেলার ডাসার, বাকাই, মসজিদবাড়ি গ্রামসহ আশপাশের গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।
মাগুরা-মাদারীপুর গ্রামের আবু তালেব তালুকদার (৫০) জানান, গত বৃহস্পতিবার বালুভর্তি ট্রাকটি সেতু ভেঙে খালে পড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। চালক, তাঁর সহকারী ও শ্রমিকেরা দ্রুত ট্রাক থেকে বেরিয়ে আসেন। এই গ্রামের হোসেন আলী ব্যাপারী অভিযোগ করেন, ঘটনার পর এলজিইডি ও সওজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ট্রাকটি গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয়নি। সেতুটি নতুন করে নির্মাণের আগে চলাচলের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগও দেখা যাচ্ছে না।
রাজিহার বাজারের ব্যবসায়ী এম এম জানে আলম বলেন, ‘সেতুটি ভেঙে পড়ায় ১৫-২০ কিলোমিটার ঘুরে মাদারীপুর জেলায় যেতে হচ্ছে। এতে পণ্য পরিবহনে সময় বেশি লাগছে, টাকাও খরচ হচ্ছে বেশি। এই ভোগান্তি কত দিন চলবে, তা কে জানে?’
এলজিইডির আগৈলঝাড়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী রাজকুমার গাইন বলেন, ‘এলজিইডির অধীনে সেতুটি নির্মিত হলেও বর্তমানে সড়কটি সওজের। সেখানে এলজিইডির প্রকল্প গ্রহণে জটিলতা রয়েছে। তারপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
সওজের বরিশাল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. রুস্তম মোল্লা এ প্রসঙ্গে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতুটি এলজিইডি নির্মাণ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে সওজের আওতায় সেখানে সেতু নির্মিত হতে পারে।’