সেতু ভেঙে ট্রাক নদীতে যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর–চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার এলাকায় মালবাহী ট্রাকের ভারে বেইলি সেতু ভেঙে পড়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুর–চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার এলাকায় মালবাহী ট্রাকের ভারে বেইলি সেতু ভেঙে পড়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

শরীয়তপুর-চাঁদপুর সড়কের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার এলাকায় বেইলি সেতু ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ কারণে গত শুক্রবার রাত পৌনে নয়টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ট্রাকটি উদ্ধার করতে না পারায় সেতু মেরামতের কোনো উদ্যোগ নিতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপথ বিভাগের শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-চাঁদপুর সড়ক দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম অঞ্চলে চলাচল করে।
শুক্রবার ২০ টন রডবোঝাই একটি ট্রাক রাত পৌনে নয়টার দিকে সেতুতে উঠলে সেতুটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। তখন থেকেই ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে সেতুর দুই প্রান্তে যানবাহন আটকা পড়ে।
গতকাল শনিবার সকালে বালার বাজারে গিয়ে দেখা যায়, বেইলি সেতু ভেঙে ট্রাকটি নদীতে পড়ে আছে। আটকে পড়া গাড়িগুলো যাত্রী নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছে। যাত্রীরা ট্রলার নিয়ে নদী পার হয়ে ভ্যান-রিকশায় গন্তব্যে যাচ্ছেন। পণ্যবাহী গাড়ি মাওয়া হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। ট্রাকের চালক মো. মামুন বলেন, চাঁদপুর থেকে শ্রমিক এনে রড সরিয়ে নেওয়া হবে। আর নোয়াখালী থেকে ক্রেন এনে ট্রাকটি টেনে তোলা হবে। আগামীকালের (আজ রোববার) মধ্যে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হবে।
সড়ক ও জনপথ বিভাগ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘ট্রাকটি উদ্ধার না করা পর্যন্ত সেতু মেরামতের কাজ করতে পারছি না। ট্রাক উদ্ধার করে সেতু মেরামত করতে কয়েক দিন সময় লাগবে। সেতুর ভেঙে যাওয়া অংশে নতুন একটি বেইলি সেতু স্থাপন করা হবে।’