বেইলি সেতু ভেঙে পড়ায় তিন দিন ধরে মুন্সিগঞ্জের সিরাজদিখান-নিমতলা-ঢাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবার সকাল ১০টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার-সংলগ্ন বেইলি সেতু দিয়ে মালবাহী একটি ট্রাক পার হওয়ার সময় সেটি পড়ে।
এরপর থেকে তিন দিন ধরে এই পথে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে প্রায় আট কিলোমিটার ঘুরে কুসুমপুর-সিংপাড়া হয়ে ঢাকার সঙ্গে যাতায়াত অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শুক্রবার সকালে পাথরবোঝাই একটি ট্রাক সিরাজদিখান উপজেলার বাসাইল এলাকার বেইলি সেতু দিয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় সেতুটি ধসে ট্রাকটি খাদে পড়ে যায়। এরপর থেকে সিরাজদিখান-নিমতলা-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাকটি সেতুর নিচে পড়ে আছে।
এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কর্তৃপক্ষের বিষয়টি নজরে পড়েনি। ঝুঁকির মধ্যেই ভারী যানবাহন ও মালবাহী ট্রাক নিয়মিত চলাচল করছিল। সেতুটি ভেঙে যাওয়ায় সাধারণ জনগণ ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাসাইল এলাকার সামছুজ্জামান বলেন, সেতু ভেঙে যাওয়ার পর থেকে এ পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন সিরাজদিখানবাসীকে অনেক ঘুরে কুসুমপুর-সিংপাড়া সড়ক হয়ে ঢাকা যাতায়াত করতে হচ্ছে। সড়কটি প্রশস্ত না হওয়ায় যাত্রীদের সময় বেশি লাগছে ও দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
সিরাজদিখানের ইউএনও রওনক আফরোজ বলেন, সেতুটি দ্রুত মেরামতের জন্য সওজ বিভাগের কর্মকর্তাদের বলা হয়েছে।
মুন্সিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী তারেক মাহমুদ বলেন, ‘আমরা ইতিমধ্যে বেইলি সেতুর মেরামত কাজ শুরু করেছি। সেতুটি মেরামত করতে আরও কয়েক দিন লাগবে। অতিরিক্ত মাল নিয়ে যাওয়ার কারণে আমরা ট্রাকের মালিকের বিরুদ্ধে মামলা করেছি।’