সেতু ভেঙে তিন মাস ধরে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু ভেঙে বগুড়ার ধুনটের সঙ্গে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সড়কপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিকল্প পথে চলাচল করার কারণে বেশি সময় ও অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে। কাজীপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৪ সালে ধুনট উপজেলা সদর থেকে বাঘবেড় বাজার হয়ে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করে। ধুনট-কাজীপুর নামের এই সড়কের পরানপুর গ্রামে আট বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। প্রায় তিন মাস আগে সেতুর মাঝ বরাবর দেবে গিয়ে ভেঙে যায়। এ কারণে সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর এক পাশে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া বাজার। এটি একটি প্রাচীন ব্যবসাকেন্দ্র। সেতু ভেঙে যাওয়ায় ওই বাজারের ব্যবসায়ীরা ধুনট শহরে মালামাল সহজে পাঠাতে পারছেন না। সাধারণ যাত্রীরাও সহজে কাজীপুর থেকে ধুনট এবং ধুনট থেকে কাজীপুরে যেতে পারছে না। তাদের সিরাজগঞ্জ হয়ে ২০ কিলোমিটার ঘুরে এক উপজেলা থেকে অপর উপজেলায় যেতে হচ্ছে। ধুনটের ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, আগে এক ট্রাক পণ্য কাজীপুরের ভেদুরিয়া বাজার থেকে ধুনটে নিতে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকা খরচ হতো। ওই সেতু ভেঙে যাওয়ায় বিকল্প সড়ক দিয়ে ঘুরে যাওয়ার কারণে এখন এক ট্রাক পণ্য নিতে দুই হাজার ৬০০ টাকা লাগে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঢেকুরিয়া বাজারের পাশে বর্তমানে যমুনা সেতুর ডান তীর সংরক্ষণকাজ চলছে। এখানে পাথরসহ এ কাজের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী পরিবহনে সমস্যার সৃষ্টি হয়েছে। বিকল্প পথে সিরাজগঞ্জ হয়ে পাথর পরিবহন করতে ২০ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। হরিনাথপুর কলেজের প্রভাষক আবদুল জলিল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতু সংস্কারের দাবি করেও কোনো কাজ হচ্ছে না। ফলে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।কাজীপুর উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কত দিনে মেরামতকাজ শুরু হবে, তা তিনি সঠিক বলতে পারেননি।