সেতু ভেঙে তিন সপ্তাহ খালে, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ
পিরোজপুর সদর উপজেলায় একটি লোহার সেতু তিন সপ্তাহ আগে ভেঙে খালে পড়ে আছে। এতে দুর্ভোগে রয়েছে এলাকার পাঁচটি গ্রামের ১৫ হাজার মানুষ।
কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দ্বীন ইসলাম হাওলাদার বলেন, উপজেলার খানাকুনিয়ারি গ্রামে গুদিঘাটা খালের ওপর ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করে। ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৩০ ফুট। গত ২৮ অক্টোবর বিকেলে সেতুর পশ্চিম প্রান্তের ৭০ ফুট ভেঙে খালে পড়ে যায়।
৩ নভেম্বর সরেজমিনে দেখা যায়, লোহার সেতুটির পশ্চিম প্রান্তের অংশটি ভেঙে খালে পড়ে আছে। ফলে এলাকাবাসীকে নৌকায় করে খাল পার হতে হচ্ছে। স্থানীয় কয়েকজন জানান, গুদিঘাটা খালের পূর্ব প্রান্তে রয়েছে খানাকুনিয়ারি ফাজিল মাদ্রাসা, খানাকুনিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কদমতলা মাধ্যমিক বিদ্যালয়। পশ্চিম প্রান্তে রয়েছে পোরগোলা, ভোরা, রাজারকাঠি, বাগমারা, পশ্চিম চর কদমতলা গ্রাম। এসব গ্রামের ১৫ হাজার বাসিন্দাকে জেলা ও উপজেলা সদর, হাসপাতাল, ইউপি কার্যালয় ও হাটবাজারে সড়কপথে যেতে খানাকুনিয়ারি সেতু পার হতে হয়। সেতুটি ভেঙে যাওয়ায় বিশেষ করে শিক্ষার্থীরা চরম কষ্টে রয়েছে।
অস্থায়ী ব্যবস্থা হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে গত সপ্তাহে সেতুর ভাঙা অংশে সুপারি গাছ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। কিন্তু বৃদ্ধ, নারী ও শিশুদের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হতে হচ্ছে।
খানাকুনিয়ারি ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুস সালাম বলে, ‘সেতুটি ভেঙে যাওয়ার পর আমরা নৌকায় খাল পারাপার হতাম। কয়েক দিন আগে সাঁকো তৈরি করা হয়েছে। কিন্তু সাঁকো পারাপার হতে আমাদের ভয় করে।’
পোরগোলা গ্রামের বাসিন্দা শামসুল হক বলেন, বিভিন্ন সময় খালে চলাচলকারী কার্গোর ধাক্কায় সেতুটি নড়বড়ে হয়ে যায়। এরপরও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করত। গত ২৮ অক্টোবর বিকেলে হঠাৎ সেতুটির একাংশ ভেঙে যায়।
কদমতলা ইউপির চেয়ারম্যান মো. হানিফ খান প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদের মাসিক সভায় আমি বিষয়টি তুলেছি। সভায় সিদ্ধান্ত হয়েছে, ভেঙে যাওয়া সেতুর স্থলে নতুন একটি সেতু নির্মাণ করা হবে।’
পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলী নূর উস শামস বলেন, ‘উপজেলা ঝুঁকিপূর্ণ লোহার সেতুর একটি তালিকা এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। খানাকুনিয়ারি গ্রামের সেতুটি ওই তালিকায় রয়েছে। আমরা সেতুটি মেরামতের কথা ভাবছি। তবে মেরামতের ব্যয় বেশি হলে সেখানে নতুন করে গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’