সেতু ভেঙে দুর্ভোগ চার উপজেলার মানুষের

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদের ওপরের সেতুটি ভেঙে যাওয়ার এক মাস পরও সংস্কার করা হয়নি। এতে চার উপজেলার সাত হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সেতুটি ব্যবহারের অনুপযোগী থাকায় বেশি সমস্যা হচ্ছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই সেতুর ওপর দিয়ে মির্জাপুর, দেলদুয়ার, সখীপুর ও বাসাইল উপজেলার মানুষ চলাচল করেন। মির্জাপুরের আদাবাড়ি গহর আলী উচ্চবিদ্যালয়, বাসাইলের কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র মাদ্রাসা, কাঞ্চনপুর দক্ষিণপাড়া মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও চলাচল করে। তা ছাড়া এ সেতুর ওপর দিয়েই এলাকার কৃষকেরা তাঁদের কৃষিপণ্য স্থানীয় কাঞ্চনপুর ও হাবলা বাজারে নেন। গত ৩০ আগস্ট ভোরে বালু বহনকারী একটি ট্রলারের ধাক্কায় ওই সেতুর একটি পিলার ও ওপরের কিছু অংশ ভেঙে যায়। পরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টাঙ্গাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করেন। বর্তমানে স্থানীয় লোকজন একটি নৌকায় নদী পারাপার হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত সেতুটির উত্তর পাশের কিছু স্থান ভেঙে নদীগর্ভে চলে গেছে। সেতু ভেঙে যাওয়ায় লোকজন নৌকায় পাঁচ টাকা দিয়ে পারাপার হচ্ছেন।
নৌকার মাঝি চন্দন জানান, গড়ে প্রতিদিন ওই সেতুর ওপর দিয়ে ছয়-সাতহাজার লোক চলাচল করেন।
এলজিইডির টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের অক্টোবরে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে বাসাইল উপজেলার কাঞ্চনপুর সড়কের ঝিনাই নদের ওপর ১০৮ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। এটি নির্মাণের জন্য তখন ৩৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল।
>গত ৩০ আগস্ট ভোরে বালু বহনকারী একটি ট্রলারের ধাক্কায় ওই সেতুর একটি পিলার ও ওপরের কিছু অংশ ভেঙে যায়। পরে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ
মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের লিয়াকত মিয়া জানান, ওই সেতুর ওপর দিয়ে তিনি নিয়মিত বাসাইল ও সখীপুরে যাতায়াত করেন। সেতুটি ভেঙে যাওয়ায় এখন তাঁর সমস্যা হচ্ছে।
সেতুটি ভাঙায় দুর্ভোগের শিকার কাঞ্চনপুর গ্রামের ভ্যানচালক আবদুল বাছেদ জানান, সেতুটির উত্তর পাশে তাঁর বাড়ি। তিনি ভ্যান চালান সেতুর দক্ষিণ পারে। সেতুটি ভেঙে যাওয়ায় এখন তিনি ভোরে ও রাত ৯-১০টার দিকে নৌকায় উত্তর পাশ থেকে ভ্যান নিয়ে দক্ষিণ পাড়ে যান। কারণ, দক্ষিণ পাড়ে গেলেই তিনি ভাড়া পান। আগে সেতুর ওপর দিয়ে সহজেই তিনি উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে আসতে পারতেন। সে সময় গড়ে প্রতিদিন ৫০০-৭০০ টাকা আয় করতেন। এখন দিনে মাত্র দুবার আসা-যাওয়া করতে পারেন। তাই আয়ও কমে গেছে। এখন তিনি মাত্র ২৫০-৩৫০ টাকা আয় করেন।
কাঞ্চনপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক দেলোয়ার হোসেন জানান, সেতু ভাঙার কারণে তাঁদের আয় অনেক কমে গেছে।
এলজিইডির বাসাইল উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সরকারি স্থাপনার ক্ষতি করার অভিযোগে ট্রলারমালিকের বিরুদ্ধে বাসাইল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এলজিইডির টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. ফয়জুল হক জানান, ওই স্থানে একটি সেতু পুনর্নির্মাণের জন্য প্রকল্প তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন।